জয়ের ধারায় ফিরলো মোনাকো
ফরাসি লিগে দুই ম্যাচ জয়হীন থাকার পর আবারো সাফল্য পেয়েছে মোনাকো। নান্তেসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে বড় বাজেটের দলটি।
জিতেছে লিগের দ্বিতীয় স্থানের দল লিলও। তুলুজকে ১-০ গোলে হারিয়েছে তারা।
রোববার প্রতিপক্ষের মাঠে মোনাকোর জয়ের নায়ক মিডফিল্ডার মৌনির অবাইদি। গোলশূন্য প্রথমার্ধের পর ৭০ মিনিটে ৩০ মিটার দুর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
আগের দুই ম্যাচে লিলের বিপক্ষে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে ইভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল গত মৌসুমের সাড়া জাগানো স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের দল মোনাকো।
এছাড়া আগেরদিন জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগে জোড়া গোল করেও জয় না পাওয়া সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ক্লাবের হয়ে জিতেছেন সহজেই। স্তাদের রাসকে ৩-০ গোলে হারিয়েছে তার দল পিএসজি। তৃতীয় গোলটি ইব্রাহিমোভিচের।
১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে যথারীতি সবার উপরে পিএসজি। লিল ও মোনাকোর পয়েন্ট ৩০ ও ২৯।
