২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির টানা দ্বিতীয় হার, মিলানের ড্র

ইতালির শীর্ষ লিগ সেরি আয় টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে নাপোলি। পয়েন্ট খুইয়েছে এসি মিলানও। নিজেদের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জনপ্রিয় দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 10:49 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

গত ম্যাচে জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে হেরেছিল নাপোলি। শনিবার রাতে ঘরের মাঠে পারমার কাছে একমাত্র গোলে হারে তারা।

নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় পারমা জয়ের নায়ক ফরোয়ার্ড আন্তোনিও কাসানিও। ৮১ মিনিটে ঘানার মিডফিল্ডার আফ্রিয়ে অ্যাকুয়াহর পাস থেকে গোলটি করেন তিনি।

লিগের আগের চার ম্যাচে জয়ের দেখা পাইনি এসি মিলান; দুটিতে হেরেছিল, অন্য দুটি ড্র। তবে শনিবার রাতে সেরি আয় ২০০তম ম্যাচ খেলতে নেমে মিলানকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার কাকা। চতুর্থ মিনিটে নেদারল্যান্ডসের মিডফিল্ডার নাইজেল ডি জংয়ের পাস থেকে কাকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে পাঁচ মিনিট বাদেই ম্যাচে সমতা ফেরান জেনোয়ার ফরোয়ার্ড আলবার্তো গিলার্দিনো। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

৩৬ মিনিটে ডি বক্সের মাঝে স্বাগতিক স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে ফাউল করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন টমাস মানফ্রেদিনি, পেনাল্টি পায় মিলান। কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন বালোতোল্লি নিজেই।

বাকি সময়ে আরো কয়েকটি সুযোগ পেলেও দশ জনের দলে পরিণত হওয়া জেনোয়ার জালে বল ঢোকাতে পারেনি মাস্সিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

১৩ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে নাপোলি। আর সমান খেলায় মাত্র ১৪ পয়েন্ট মিলানের।

দিনের অন্য ম্যাচে হেলাস ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে শিয়েভো।