২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল-এভারটনের রোমাঞ্চকর ‘ডার্বি’

ইংল্যান্ডের লিভারপুল শহরের দুই দল লিভারপুল এফসি ও এভারটন এফসি। ফুটবলে দুই দলের লড়াই ‘মার্সিসাইড ডার্বি’ নামে পরিচিত। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের লড়াইটা হলো দারুণ রোমাঞ্চকর, নাটকীয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 10:53 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

এভারটনের মাঠ গুডিসন পার্কে দু-দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি লিভারপুল, শেষ মুহূর্তের গোলে ড্র করেছে। খেলার ফলাফল ৩-৩।

১২টি করে ম্যাচ খেলা লিভারপুলের পয়েন্ট ২৪ ও এভারটনের ২১।

পঞ্চম মিনিটে অধিনায়ক স্টিভেন জেরার্ডের কর্নার থেকে লিভারপুলকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কতিনিয়ো।

তবে তিন মিনিট পরই মিডফিল্ডার রস বার্কলির পাস থেকে গোল করে এভারটনকে সমতায় ফেরান বেলজিয়ামের ফরোয়ার্ড কেভিন মিরালাস।

ম্যাচের ১৯ মিনিটে আবার লিভারপুলের গোল। দারুণ এক ফ্রি-কিক থেকে গোলটি করেন ছন্দে থাকা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস।

Image
ফ্রি-কিক থেকে গোলের পর সুয়ারেসের উদযাপন

ফ্রি-কিক থেকে গোলের পর সুয়ারেসের উদযাপন

Image
দারুণ এক হেডে এভারটনকে এগিয়ে নেন লুকাকু

দারুণ এক হেডে এভারটনকে এগিয়ে নেন লুকাকু

অনেকক্ষণ পিছিয়ে থাকার পর ৭২ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর লক্ষ্যভেদ দ্বিতীয়বারের মতো সমতায় ফেরায় এভারটনকে।

৮২ মিনিটে দারুণ এক হেডে স্বাগতিকদের ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে দেয়ার কৃতিত্বও লুকাকুর।

৩-২ গোলে এগিয়ে থাকা এভারটন যখন ২২১তম ‘মার্সিসাইড ডার্বি’ জয়ের স্বপ্ন দেখছিল ঠিক তখনই লিভারপুলের গোল। ৮৯ মিনিটে জেরার্ডের ফ্রি-কিকে হেড করে অতিথি দলের এক পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।