এমিলির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে মোহামেডান
স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির হ্যাটট্রিকের সুবাদে রহমতগঞ্জ এমএফএসকে ৫-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে মোহামেডানের সঙ্গী আবাহনী লিমিটেড। ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে ঘানার স্ট্রাইকার ওসই মরিসনের হ্যাটট্রিকে আবাহনী ৩-০ গোলে রহমতগঞ্জকে হারানোয় মুখোমুখি হওয়ার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৩ মিনিটের সময় ফরোয়ার্ড জাহিদ হোসেনের ফ্রি-কিক দেয়ালে লেগে দিক পরিবর্তন করে এগিয়ে দেয় মোহামেডানকে।
৩৪ মিনিটে এমিলির ক্রস রহমতগঞ্জের গোলরক্ষক সামিউল ইসলামের হাত ফসকে জালে জড়িয়ে দ্বিগুণ করে ব্যবধান।
৫৪ মিনিটে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়া জাহিদকে সামিউল ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন এমিলি।
৭৮ মিনিটে মোহামেডানের ডিফেন্ডার আরিফুল ইসলামের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান রহমতগঞ্জের স্ট্রাইকার নূরুল আফসার।
৮৭ মিনিটে জাহিদের ক্রসে মাথা ছুঁইয়ে প্রতিযোগিতার দ্বিতীয় হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন এমিলি।
৯০ মিনিটে এমিলির চিপে হেড করে মোহামেডানের পঞ্চম ও শেষ গোলটি করেন বদলি স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ।
ইনজুরি সময়ে পেনাল্টি থেকে ম্যাচের শেষ গোলদাতা আবসার।
