২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন

ভারতের বিশ্বনাথন আনন্দকে হারিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 09:36 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

২০০৭ সাল থেকে এই শিরোপা ধরে রাখা আনন্দের দুর্ভাগ্য, নিজের শহর চেন্নাইয়ে ‘শ্রেষ্ঠত্ব’ হারাতে হলো তাকে।

১২ ম্যাচের এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হতে ২২ বছর বয়সী কার্লসেনের প্রয়োজন ছিল সাড়ে ৬ পয়েন্ট। শিরোপার জন্য ১০ ম্যাচের বেশি খেলতে হয়নি তাকে। শুক্রবার দশম ম্যাচ ড্র করে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে যান দাবার এক সময়ের ‘বিস্ময় বালক’।

তিনটি ম্যাচ হেরে যাওয়ায় নবম ম্যাচ শেষে ৬-৩ পয়েন্টে পিছিয়ে পড়া আনন্দ অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। শুরু থেকে স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলা দিয়ে চেষ্টা করেছিলেন প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার। কিন্তু লাভ হয়নি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা লড়াইয়ের সমাপ্তি হয় ৬৫ চাল শেষে, দুজনে ড্র মেনে নেয়ায়।

মাত্র ১৩ বছর বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়া কার্লসেন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১৩ লাখ ৪৪ হাজার ডলার পাবেন।

ছয় বছর পর শিরোপা হারানো আনন্দের প্রাপ্তি ৮ লাখ ৯৬ হাজার ডলার।