হকির ‘নিরুত্তাপ’ দলবদলের সমাপ্তি
শেষ হয়েছে প্রিমিয়ার হকি লিগের দলবদল। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডসহ চারটি দল অংশ না নেয়ায় দলবদল কেটেছে নিরুত্তাপ, নিস্তরঙ্গভাবে।
মোহামেডান, মেরিনার ইয়াংস ক্লাব, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে সব ধরনের কার্যক্রম বর্জনের দাবিতে অটল। এর মধ্যে আছে দলবদলও।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ তবু এই চারটি দলকে ‘ছাড়’ দিতে রাজি। তিনি জানান, “এখনো এই চারটি ক্লাব চাইলে তাদের জন্য আমরা আলাদাভাবে দলবদলের আয়োজন করবো। তবে তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকলে বাই লজ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
“এই চারটি ক্লাব অংশ না নিলে বাকি ৭টি ক্লাবকে নিয়ে আমরা লিগ আয়োজনের জন্য প্রস্তুত।”
হকির বাই লজ অনুযায়ী কোনো দল লিগে অংশ না নিলে সেই দল লিগ থেকে অবনমিত হয়ে যাবে। অর্থাৎ মোহামেডানসহ চারটি ক্লাবের সামনে এখন অবনমনের আশঙ্কা!
দলবদলের প্রথম ৬ দিনে মাত্র ১৪ জন খেলোয়াড়ের নিবন্ধন হলেও বৃহস্পতিবার শেষ দিনে ৭টি দলই নিজেদের গুছিয়ে নিয়েছে।
ঊষা ক্রীড়া চক্রে আছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার, তাপস বর্মণ, রিমন কুমার, জাহিদ বিন তালিব শুভ ও প্রশান্ত। এদের সঙ্গে বিকেএসপি থেকে ৭ তরুণ খেলোয়াড়কে নিয়ে ঊষা এবারের অন্যতম শক্তিশালী দল।
আবাহনী লিমিটেড নিয়েছে জাতীয় দলের অসীম কুমার গোপ, শেখ মোহাম্মদ নান্নু, পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, মশিউর রহমান বিপ্লব এবং প্রতিশ্রুতিশীল রোমান সরকারকে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুসা মিয়াও থাকছেন আবাহনীতে। এদের সঙ্গে বিকেএসপি থেকে ৬ জন যোগ দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় দলটিতে।
সোনালী ব্যাংকে ১১, সাধারণ বীমায় ৭, ওয়ান্ডারার্সে তিন এবং অ্যাজাক্সে পাঁচ জন নিবন্ধন করেছেন বৃহস্পতিবার। আজাদ স্পোর্টিং ক্লাব নতুন কাউকে নিবন্ধন করায়নি। তারা গতবারের নিবন্ধিত খেলোয়াড়দের নিয়ে এ মৌসুমে খেলবে।
