মাঠে গড়াচ্ছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট
মৌসুম-সূচক ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার; প্রথম দিনে ম্যাচ আছে দু'টি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পৌনে ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ এমএফএস।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আবাহনী। দলটির অস্ট্রেলীয় কোচ নাথান হল বলেন, “শিরোপা জয়ই আমাদের মূল লক্ষ্য। তাই প্রতিটি ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ন। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তাদের হালকা করে দেখার কোন অবকাশ নেই। তাই জয় দিয়ে শুরু করতে চাই আমরা।”
আবাহনীকে অনেক বেশি শক্তিশালী মেনে নিয়েও জয় চান রহমতগঞ্জ কোচ কামাল বাবু।
“জয় পেতে আমি আশাবাদী। সে যোগ্যতা আমাদের আছেও। খেলোয়াড়রা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারলে ফল আমাদের পক্ষে আসতেও পারে।”
সন্ধ্যা ৬টায় পরের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হবে।
শেখ জামালের নাইজেরিয়ার কোচ জোসেফ আফুসি তার দলকে টুর্নামেন্টের 'ফেভারিট' বলে মনে করছেন।
“স্থানীয় এবং বিদেশী খেলোয়াড়দের নিয়ে আমার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। প্রতিটি বিভাগেই আছে বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড়। তাই আমি মনে করেটি টুর্নামেন্টের ফেভারিটদের কাতারে এগিয়ে থাকবো আমরাই।”
নবীন দল উত্তর বারিধারা কোচ মাহবুব আলী মানিক শক্তিশালী শেখ জামালকে রুখে দিতে আশাবাদী।
“এই প্রথম আমরা ফেডারেশন কাপ খেলতে এসেছি। তাই আমরা প্রমাণ করতে চাই, যোগ্য দল হিসেবেই আমরা এসেছি। সেই প্রমাণটা প্রথম ম্যাচ থেকেই দিতে চাই আমরা। আমি আশাবাদী, শেখ জামালকে হারতে পারবো।”
ফেডারেশন কাপের এই আসরে খেলছে প্রিমিয়ার লিগের দশটি এবং চ্যাম্পিয়নশিপ লিগের দল রহমতগঞ্জ এমএফএস ও সার্ভিসেস দল বাংলাদেশ পুলিশ।
চার গ্রুপে ভাগ হয়ে দল গুলো অংশ নেবে। টুর্নামেন্টের একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড।
এই দুই দলকে ছাপিয়ে টুর্নামেন্টের ফেভারিটদের কাতারে উঠে এসেছে গতবারের তিনটি শিরোপা জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই দুই দল এবারও বেশ শক্তিশালী দল গঠন করেছে।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ হবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হবে চারটি কোয়ার্টার-ফাইনাল এবং ৩ ও ৪ ডিসেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। শিরোপা নির্ধারিত হবে ৬ ডিসেম্বরের ফাইনালে।
এদিকে ওয়ালটন ফেডারেশন কাপে পৃষ্ঠপোষকতা করছে। এজন্য তারা দেবে ২০ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে একটি মোটর সাইকেল এবং কোয়ার্টার-ফাইনাল থেকে প্রতিটি ম্যাচে দর্শকদের লটারির মাধ্যমে ৫টি করে মোবাইল ফোন দেবে ওয়ালটন।
এছাড়া ফেডারেশন কাপে সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আম্বার গ্রুপ, ডিবিএল গ্রুপ ও প্রগতি ইন্সুরেন্স।
