২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে আবার পোড়ালো ব্রাজিল

চিলির বিপক্ষে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছে রবিনিয়ো। দক্ষিণ আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় আরেকবার দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 01:41 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

মঙ্গলবার রাতে কানাডার টরেন্টোর রজার্স সেন্টারের মাঠ নিয়ে দুই দলই সমস্যায় পড়েছিল। ম্যাচটির জন্য মাঠে ঘাসের গালিচা বিছানো হয়েছিল, যা প্রায়ই উঠে আসছিল।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। অস্কার নিখুঁত একটা পাস বাড়ান হাল্কের দিকে। ১২ গজ দূর থেকে গায়ের সব শক্তি দিয়ে মারা তার শটটি গোলরক্ষক থামাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে নেইমারের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। এ সময় গোলে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি রবিনিয়ো, হাল্ক, পাওলিনিয়ো ও অস্কার। ব্রাজিলের এই আক্রমণ ঠেকিয়ে আগের ম্যাচেই ইংল্যান্ডকে তাদের মাঠেই হারানো চিলি সমতা ফেরায় ৭০ মিনিটে। ২৫ গজ দূর থেকে নেয়া শটে গোলরক্ষক জুলিও সেজারকে পরাস্ত করেন এদুয়ার্দো ভারগাস।

তবে একটু পরেই আবার এগিয়ে যায় ব্রাজিল। চিলির ডিফেন্ডারদের নিয়ে খেলা করে নেইমার বল বাড়ান ডান দিকে মাইকনের কাছে। তার নিখুঁত ক্রসে মাথা ছুইয়ে বল জালে পাঠান বদলি হিসেবে নামা রবিনিয়ো।

এটি রবিনিয়োর ২৭তম আন্তর্জাতিক গোল যার মধ্যে নয়টিই আবার চিলির বিপক্ষে। গত বিশ্বকাপে চিলিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল ব্রাজিল, যে ম্যাচেও শেষ গোলটি করেছিলেন রবিনিয়ো।

এ মাসে হন্ডুরাস ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রবিনিয়োকে ডাকেন কোচ লুইস ফেলিপে স্কলারি। ম্যাচ দুটি যদি বিশ্বকাপের দলে স্থান পাওয়ার লড়াইয়ে 'অডিশন' হয় তবে তাতে ভালোভাবেই উৎরে গেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। আগামী বছরে বিশ্বকাপের দলে ঠাই পাওয়ার আশা করতেই পারেন তিনি।

Image
দারুণ জয়ের পর দেশে ফিরছে উৎফুল্ল ব্রাজিল দল। ইনস্টাগ্রামে নেইমারের দেয়া ছবি।

দারুণ জয়ের পর দেশে ফিরছে উৎফুল্ল ব্রাজিল দল। ইনস্টাগ্রামে নেইমারের দেয়া ছবি।

রবিনিয়োর গোলটি আর শোধ করতে না পারায় ১০ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল চিলি। আর আগামী বিশ্বকাপের স্বাগতিকরাও অপরাজিত রইলো ছয় ম্যাচ। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দিয়ে নিজেদের শক্তিমত্তারও পরিচয় দিয়েছে তারা।

স্কলারি বিশ্বকাপের দল ঘোষণা করার আগে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।