২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সঙ্গে ড্র অপরাজিত নেদারল্যান্ডসের

এক ঘণ্টা দশ জন নিয়ে খেলেও কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে নেদারল্যান্ডস। ফলে ইউরোপ থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা দলটি এ বছর অপরাজিতই রইলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 11:19 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আর্মেরোর সঙ্গে সংঘর্ষের কারণে সরাসরি লালকার্ড দেখেন জারমেইন লেন্স।

গত শনিবার জাপানের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর দলে চারটি পরিবর্তন এনেছিলেন লুই ফন গাল। বিশ্রামে ছিলেন আরিয়ান রবেন।

আর বৃহস্পতিবার বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জেতা দলে তিনটি নতুন মুখ আনেন কলম্বিয়ার কোচ হোসে প্যাকারম্যান।

মঙ্গলবার রাতে আমস্টারডাম অ্যারেনায় স্বাগতিকদের শুরুটা ছিল দারুণ। সপ্তম মিনিটে রাফায়েল ফন ডার ফার্টের দূরপাল্লার শট বারে লেগে ফেরার পর ফিরতি বলে সিম ডি ইয়ংয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের ৩৫ মিনিটে কলম্বিয়ার বক্সে আর্মোরোর মুখে হাত তোলায় মাঠ ছাড়তে হয় ডায়নামো কিয়েভের স্ট্রাইকার লেন্সকে। অবশ্য এর আগে আর্মেরো পা চালালেও তা চোখ এড়িয়ে যায় রেফারির।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রাদামেল ফ্যালকাও জ্বলে উঠলে স্বাগতিকদের পরীক্ষা নেয় কলম্বিয়া। নেদারল্যান্ডসও কয়েকটি গোলের সুযোগ নষ্ট করলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

শনিবার আগের প্রীতি ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস।

এ বছর ১২টি ম্যাচ খেলে নেদারল্যান্ডস জিতেছে সাতটিতে, ড্র হয়েছে পাঁচটি।