ওয়েমব্লিতে এবার জার্মানির কাছে হারলো ইংল্যান্ড
লন্ডনের ওয়েমব্লিতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে একমাত্র গোলে হারিয়েছে জার্মানি। ১৯৭৭ সালের পর ওয়েম্বলিতে এটি স্বাগতিকদের প্রথম টানা দ্বিতীয় পরাজয়।
ম্যাচের ৩৯ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে আর্সেনালের সেন্টার ব্যাক মার্টেসাকারের হেড ফেরাতে পারেননি ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট। তাই প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপের ফুটবল শক্তি জার্মানি।
দ্বিতীয়ার্ধে জার্মানির দুটি চমৎকার আক্রমণ নসাৎ করে দিয়ে অতিথিদের জয়টি সহজ হতে দেননি হার্ট। তবে মেসুত ওজিলের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিলেও দারুণ ফুটবল খেলেছে জার্মানি।
টটেনহ্যাম উইঙ্গার টাউনসেন্ডের একটি প্রচেষ্টা বারে লাগলে হতাশ হতে হয় স্বাগতিকদের। এটিই ছিল ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে সহজ সুযোগ।
ম্যাচের আগে যেমন আভাস দিয়েছিলেন তেমন একাদশই খেলিয়েছেন হজসন। গত অক্টোবরে চেলসির কাছে ম্যানচেস্টার সিটির হারের পর এই প্রথম খেললেন হার্ট। চিলির বিপক্ষে অভিষেক হওয়া অ্যাডাম লালানা জায়গা ধরে রাখতে পেরেছেন।
ইংল্যান্ডের শুরুটা ভালো হলেও জার্মানির পক্ষে ৩৩ বছর বয়সে অভিষেক হওয়া গোলরক্ষক রোমান ভাইডেনফেলারকে খুব একটা অসুবিধায় ফেলতে পারেনি তারা। ২০ মিনিটের মাথায় ওয়েইন রুনির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় ইংল্যান্ড।
অন্যদিকে জার্মানির আক্রমণগুলো ছিল সুপরিকল্পিত। হার্টের বীরত্বের পরও তাই পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ সময়ে ইংল্যান্ডের অধিনায়ক স্টিভেন জেরার্ড সমতা ফেরানোর সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু তার জোরালো ভলিও লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে মার্কো রয়েসের শট ফিরিয়ে দিয়ে জার্মানিকে হতাশ করেন তিনি।
৮১ মিনিটে ক্রিস স্মলিংয়ের ফ্লিক অল্পের জন্য বারের ওপর দিয়ে গেলে সমতা ফেরানোর শেষ সুযোগ ইংল্যান্ডের হাতছাড়া হয়ে যায়।
ওয়েমব্লিতে শুক্রবার রাতে আগের ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হারে স্বাগতিকরা। দলের এই বাজে ফর্মে কোচ রয় হজসনের ভাবনা অনেক বেড়েছে। ২০১৪ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাছাই দল না হওয়ায় প্রথম রাউন্ডেই শক্ত প্রতিপক্ষ পেতে পারে তারা।
