হকি ফেডারেশন ভেঙে দেয়ার দাবি
বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে একটি গ্রহণযোগ্য অ্যাডহক কমিটি গঠনের দাবি করে সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারি বরাবর স্মারকলিপি দিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদ।
মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপিটি জমা দিয়েছেন তারা। এই সময় ফেডারেশনের সভাপিত ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।
স্মারকলিপিতে খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে একটি গ্রহণযোগ্য অ্যাডহক কমিটি গঠন করার দাবি জানানো হয়। তা না করা হলে হকিতে অচলাবস্থা লেগেই থাকবে বলে উল্লেখ করা হয়।
খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদের দাবি, অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বর্তমান কমিটি। এ কমিটিতে কিছু অনভিজ্ঞ ও ক্ষমতালিপ্সু কর্মকর্তা রয়েছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন।
বর্তমান কমিটির অধীনে কয়েকটি ক্লাব হকির কোন কার্যক্রমে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। তাছাড়া কমিট জাতীয় দলের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করায় জটিলতা আরো বেড়েছে।
