২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিকে রুখে দিল নাইজেরিয়া

শনিবারই বিশ্বকাপ নিশ্চিত করেছিল নাইজেরিয়া। দুই দিন পর প্রীতি ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দিয়ে সুপার ইগলরা জানালো বিশ্বকাপে উড়তেই যাচ্ছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 11:32 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপে নাইজেরিয়া

সোমবার রাতে লন্ডনে ফুলহ্যামের স্টেডিয়াম ক্রেভেন কটেজে উপভোগ্য প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচে কর্তৃত্ব ছিল ইতালিরই, কিন্তু নাইজেরিয়া দারুণ কয়েকটি আক্রমণে নিজেদের শক্তিমত্তার জানান দেয়।

শুক্রবার জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করা ইতালির দলে আটটি পরিবর্তন আনেন কোচ সেজারে প্রানদেল্লি। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। মারিও বালোতেল্লির দারুণ পাস থেকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন জুজেপ্পে রস্সি।

ধীরে ধীরে খেলায় ফিরে এসে ৩৫ মিনিটে সমতাসূচক গোলটি পায় নাইজেরিয়া। শোলা আমেবির ক্রস থেকে জোরালো হেডে বল জালে জড়িয়ে দেন ব্রাইট ডাইক।

দুই দলের প্রথম গোলদাতারই জন্ম যুক্তরাষ্ট্রে ১৯৮৭ সালে মাত্র এক দিনের ব্যবধানে। রস্সির জন্ম নিউ জার্সিতে ১ ফেব্রুয়ারি। আর ডাইকের জন্ম ২ ফেব্রুয়ারি ওকলাহোমায়।

ম্যাচের ৩৯ মিনিটে অসাধারণ এক গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন আমেবি। বাঁ দিক থেকে ফ্রান্সিস বেঞ্জামিনের ক্রস থেকে বল পেয়ে লাফিয়ে উঠে ডান পায়ের বাইরের অংশ দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের পরপরই ম্যাচে সমতা আনে ইতালি। রস্সি ও আন্তোনিও কানদ্রেভার দারুন আক্রমণে শেষ ছোঁয়াটা দেন ইমানুয়েলে জাক্কেরিনি।

বদলি হিসেবে বর্ষীয়ান আন্দ্রেয়া পিরলো মাঠে নামলে ইতালির আক্রমণ আরও গতি পায়। মারকো পারোলো ও আলেস্সান্দ্রো দিয়ামান্তির প্রচেষ্টা গোলপোস্টে বাধা না পেলে জয় নিয়েই মাঠ ছাড়তো ইতালি।

ইউরোপ থেকে সহজেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করলেও প্রীতি ম্যাচগুলোতে সাফল্য পাচ্ছে না ইতালি। শেষ ১২টি প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা; গত চারটি ম্যাচই ড্র হয়েছে।

গত শনিবার বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লড়াইয়ে ইথিওপিয়াকে সহজেই ২-০ গোলে হারিয়ে আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকেট পায় নাইজেরিয়া। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ব্রাজিলের টিকেট নিশ্চিত করেছে তারা।