অ্যাথলেটিক্সের পর বাদ গেল সাঁতারও
গ্লাসগো কমনওয়েলথ গেমস ও ইনচন এশিয়ান গেমসকে সামনে রেখে নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের জন্য তৈরি করা তালিকা থেকে অ্যাথলেটিক্সের পর এবার বাদ পড়েছে সাঁতারও।
রোববার ঢাকা সেনাকুঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
“মূলত আমাদের লক্ষ্য দুটি গেমসে পদক জেতা। সাঁতারের বর্তমান যে পারফরম্যান্স তাতে পদক জেতার সম্ভাবোনা খুবই কম সে কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি”, যোগ করেন বিওএ মহাসচিব।
সাঁতার বাদ পড়ায় ক্রীড়াবিদদের তালিকাও কমে গেলো। ২৬ জন থেকে নেমে এসেছে ২২ জনে।
দুটি গেমসে ভালো কিছু করার লক্ষ্যে ক্রীড়াবিদদের কঠিন নিয়ম শৃঙ্খলার ভেতরে রাখতে সেনাকুঞ্জে ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে বিওএ।
বিওএ আশা করছে আগামী জানুয়ারিতে শুরু হবে এই ক্যাম্পটি। প্রতিটি ডিসিপ্লিনের জন্য একজন করে বিদেশী কোচও আনা হবে।
ক্যাম্পটি দীর্ঘ মেয়াদী হবে বলে ক্রীড়াবিদদের বেতন ভাতা দেয়া হবে। প্রত্যেক ক্রীড়াবিদ মাসে ১৫ হাজার টাকা করে পাবেন।
আগামী বছর ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে বিশতম কমনওয়েলথ গেমস। আর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচনে হবে সপ্তদশ এশিয়ান গেমস।
