২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনানিবাসে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ক্যাম্প

আগামী বছরের গ্লাসগো কমনওয়েলথ গেমস ও ইনচন এশিয়ান গেমসের জন্য ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ক্যাম্প হবে ঢাকা সেনানিবাসে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 09:18 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

ক্রীড়াবিদদের কঠিন শৃঙ্খলার ভেতরে রাখার জন্যই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১৪ সালের ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে ২০তম কমনওয়েলথ গেমস এবং ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে সপ্তদশ এশিয়ান গেমস হবে।

বিওএ নভেম্বরেই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করে দিতে চাচ্ছে। এই ক্যাম্পে শূটিং, সাঁতার, আর্চারি, তায়কোয়ান্দো ও বক্সিং থেকে ২৫/৩০ জন ক্রীড়াবিদকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেয়া হবে।

বিওএ’র উপ-মহাসচিব এবং কোচিং কমিটির সভাপতি বাদল রায় বলেন, “এই দুই গেমসে পদক পাওয়ার সম্ভাবনা আছে এমন খেলাগুলোকে আমরা নির্বাচন করেছি। গত এশিয়ান গেমস এবং এসএ গেমসের পারফরম্যান্সকেও বিবেচনায় রাখা হয়েছে।” “ঐ দুই প্রতিযোগিতায় খুব খারাপ করা অ্যাথলেটিক্সকে বাদ দেয়া হয়েছে। ভবিষ্যতে ভালো করলে অ্যাথলেটিক্সকে বিবেচনা করা হবে।” এই প্রশিক্ষণ ক্যাম্প ১০ মাস ধরে চলবে। প্রত্যেক খেলার জন্য একজন করে বিদেশি কোচও আনা হবে। এই কোচদের বাছাই করবে বিওএ। এরই মধ্যে কয়েকটি দেশে যোগাযোগও করেছে তারা। ক্যাম্প চলার সময় ক্রীড়াবিদদের ভাতা দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিওএ। এ প্রসঙ্গে বাদল রায় বলেন, “আমরা প্রাথমিকভাবে একজন খেলোয়াড়কে ১৫ থেকে ২০ হাজার টাকা ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রশিক্ষণে তাদের বেশি মনোযোগী করে তোলার জন্যই এই সিদ্ধান্ত।” প্রশিক্ষণ ক্যাম্পের জন্য বিওএ’র প্রাথমিক বাজেট দুই কোটি টাকা। তবে তাদের আশঙ্কা, টাকার অঙ্ক বেড়ে যেতে পারে।