প্রীতি ম্যাচে জিতেছে স্পেন
আফ্রিকা সফরের প্রথম প্রীতি ম্যাচে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সাবেক উপনিবেশ বিষুবীয় গিনিকে ২-১ গোলে হারিয়েছে তারা।
শনিবার গিনির রাজধানী মালাবোর নুয়েভো স্তাদিও দি মালাবো স্টেডিয়ামে তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।
সপ্তম মিনিটে মিডফিল্ডার সান্তি কাজোরলার গোলে এগিয়ে যায় টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের গোলরক্ষক দানিলোর ভুলে একরকম ফাঁকা গোলপোস্টেই বল জালে জড়ান কাজোরলা।
৩৬ মিনিটে ডিফেন্ডার জিমি বারমুদেজের গোলে স্বাগতিকরা সমতায় ফিরলেও সাত মিনিট বাদে আরেক মিডফিল্ডার হুয়ানফ্রানের গোলে আবারো এগিয়ে যায় অতিথিরা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল স্পেন। বিরতির পর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগও পায় তারা কিন্তু বদলি স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তের ব্যর্থতায় শেষপর্যন্ত ঐ ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ ভিসেন্তে দেল বস্কের দল।
দেল বস্কের অধীনে ৮৩ ম্যাচে স্পেনের এটি ৬৮তম জয়।
আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইতোমধ্যে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করা স্পেন।
