২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামকে হারিয়েছে কলম্বিয়া

এ বছর প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে বেলজিয়াম। এক প্রীতি ম্যাচে তাদের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে কলম্বিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 08:49 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

ঠিক এক বছর আগে, ২০১২ সালের ১৪ নভেম্বর সর্বশেষ হেরেছিল বেলজিয়াম; রোমানিয়ার বিপক্ষে ২-১ গোলে। অন্যদিকে দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার শেষ ৭ ম্যাচে এটা পঞ্চম জয়।

বৃহস্পতিবারের এই ম্যাচ নিয়ে ফুটবল-বিশ্বে তেমন আগ্রহ না থাকলেও ইদানীং এই দুই দলের সাফল্যের হার বেশ ভালো।

বিশ্বকাপে খেলা নিশ্চিত করা কলম্বিয়া ও বেলজিয়ামের ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান সেরা পাঁচের মধ্যে। কলম্বিয়া চার ও বেলজিয়াম পাঁচ নম্বরে। আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপিংয়ে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছে দল দুটো।

রাজধানী ব্রাসেলসে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনেটেকের ব্যর্থতায় গোলের দেখা পায়নি স্বাগতিক বেলজিয়াম।

বরং গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ফ্রান্সের দল মোনাকো-সতীর্থ ফরোয়ার্ড জেমস রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন তিনি।

৬৬ মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া ফরোয়ার্ড ভিক্তর ইবার্বোর জোরালো ভলিতে ২-০ গোলে এগিয়ে যায় অতিথি দল।

এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মারওয়ান ফেলাইনি দুটো সুবর্ণ সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি বেলজিয়ানরা।