২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলার হেমন্তর সামনে বিরল সুযোগ

নেদারল্যান্ডসের প্রথম বিভাগ লিগে খেলা এফসি টোয়েন্টাতে ‘ট্রায়াল’ দেয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এই সুখবর দিয়েছেন হেমন্তকে। ডি ক্রুইফের সহায়তায় এই সুযোগ পেয়েছেন তিনি।

নেদারল্যান্ডসে যাওয়ার তারিখ এখনও ঠিক হয়নি। ভিসা পেলে এক মাস স্থায়ী ‘ট্রায়াল’-এ যোগ দিতে রওনা দেবেন এই মৌসুমে মোহামেডানে যোগ দেয়া হেমন্ত। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে কোনো ডাচ ক্লাবে এমন সুযোগ পেলেন তিনি।

হেমন্তর প্রশংসা করে ডি ক্রুইফ বলেন, “আমি বাংলাদেশের ফুটবলারদের ইউরোপে খেলার সুযোগ করে দিতে চাই। হেমন্ত প্রতিভাবান ফুটবলার। সঠিক পরিচর্যা পেলে সে অনেক ওপরে উঠতে পারবে।” “নাইজেরিয়ায় কোচ থাকার সময় আমি প্রতিভাবান ফুটবলাদের নেদারল্যান্ডসের বেশ কিছু ক্লাবে ট্রায়ালের সুযোগ করে দিয়েছিলাম। এখন বাংলাদেশের ফুটবলারদেরও তেমন সুযোগ করে দিতে চাই।” এমন দুর্দান্ত সুযোগ পেয়ে হেমন্ত দারুণ খুশি। তিনি বলেন, “এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আমার বিশ্বাস, ট্রায়ালে নিজের যোগ্যতা প্রমাণ করে দেশের মুখ উজ্জ্বল করতে পারবো।”