২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যালিস্কার মাস্টার্স থেকে সিদ্দিকুরের বিদায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্যালিস্কার মাস্টার্সের প্রথম রাউন্ডের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ড শেষে উঠে এসেছেন যৌথভাবে ৬৬তম স্থানে। তবে পরের দুই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন না করায় এখানেই শেষ হয়েছে তার বিশ্বকাপ প্রস্তুতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 04:03 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

সিদ্দিকুরের দিল্লি জয়

শুক্রবার ৭১ পারের কোর্সে সমান শটেই রাউন্ড শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার। দুই রাউন্ড মিলে পারের চেয়ে চার শট বেশি খেলেছেন তিনি।

বৃহস্পতিবার রয়াল মেলবোর্ন গলফ ক্লাবে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলে যৌথভাবে ৮৩তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

প্রথম রাউন্ডে একটিও ‘বার্ডি’ (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) না পাওয়া সিদ্দিকুর উল্টো চারটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেছিলেন। তবে শুক্রবার তিনটি ‘বোগি’ করলেও সমান তিনটি ‘বার্ডি’-ও করেন।

দ্বিতীয় রাউন্ডে উন্নতি করলেও একটুর জন্য পরের দুই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি (কাট মিস করেছেন) সিদ্দিকুর। ৬৫তম পর্যন্ত গলফাররা খেলছেন পরের রাউন্ডে।

এদিকে দুই রাউন্ডে পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক তারকা অ্যাডাম স্কট ও তারই স্বদেশী নাথান হোলম্যান।

অস্ট্রেলিয়ান মাস্টার্সই পৃষ্ঠপোষক হুইস্কি কোম্পানির নামে এখন ট্যালিস্কার মাস্টার্স হিসেবে পরিচিত। হিরো ইন্ডিয়ান ওপেন যেমন এশিয়ান ট্যুরের অংশ, তেমনি অস্ট্রেলিয়ান মাস্টার্স অংশ পিজিএ ট্যুর অব অস্ট্রেলিয়ার। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এটি ইউরোপিয়ান ট্যুরেরও অংশ ছিল। এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বের খ্যাতনামা সব গলফাররা।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এতে অংশ নিয়েছেন এশিয়ান ট্যুরের দু’টি শিরোপা জেতা সিদ্দিকুর।

ক'দিন আগে হিরো ইন্ডিয়ান ওপেন জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে খেলতে গেছেন তিনি।