২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরতে মরিয়া মেসি

পায়ের পেশির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য খেলার বাইরে চলে যাওয়া লিওনেল মেসি যত শিগগির সম্ভব ফিরতে চান। এজন্য পুর্নবাসন প্রক্রিয়ায় পুরোদমে কাজ করবেন বলে জানিয়েছেন বার্সেলোনার এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 01:14 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

৮ সপ্তাহ মাঠের বাইরে মেসি

রোববার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোটের কারণে প্রথমার্ধের শুরুর দিকেই মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয় মেসিকে। পরের দিন বার্সেলোনার চিকিৎসকেরা জানান, মেসির বাম উরুর একটি পেশি (হ্যামস্ট্রিং) ছিড়ে গেছে। আবার মাঠে ফিরতে চারবারের বিশ্ব সেরা ফুটবলারকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

চোটে পড়ার পর মঙ্গলবার নিজের ফেইসবুক পাতায় প্রথমবারের মতো নিজের অবস্থার কথা জানান আর্জেন্টিনার অধিনায়ক।

"চোট থেকে সেরে উঠতে আগামী কয়েক সপ্তাহ ধরে আমি পুরো সময় কাজ করবো।"

২৬ বছর বয়সী এই তারকা যত শিগগিরই সম্ভব ফিরে এসে দলের সাফল্যে অবদান রাখতে চান।

"আমার দলের জন্য এখন খেলতে না পারাটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভালো মত সুস্থ হওয়া যাতে আমি দলের সতীর্থদের সাহায্য করতে পারি।"

Image
ফেইসবুকে দেয়া মেসির ধন্যবাদ বার্তা।

ফেইসবুকে দেয়া মেসির ধন্যবাদ বার্তা।

যারা সমবেদনা ও সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখা একটি নোটের ছবিও পোস্ট করেন মেসি।

চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো চোটে পড়লেন মেসি। ২১ অগাস্ট আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে খেলার সময় প্রথম চোট পান তিনি। সেবার এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় মেসির।

এরপর ২৮ সেপ্টেম্বর আলমেরিয়ার বিপক্ষে খেলার সময় ডান উরুর পেশিতে চোট পান তিনি। এরপর মাঠে ফিরতে তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার অধিনায়ককে। ফলে খেলতে পারেননি বার্সেলোনার পরবর্তী দুটি ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি তিনি।

মেসি চোটে পড়লেও বার্সেলোনা বড় কোনো সমস্যায় পড়ছে না বলেই মনে হচ্ছে। সব ঠিকঠাক মতো এগুলে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জানুয়ারির ম্যাচের আগেই ফিরবেন মেসি। মাঝে তাকে ছাড়া বার্সার খেলতে হবে গ্রানাদা, আথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল ও গেতাফের বিপক্ষে। কিংস কাপে দুর্বল কার্তাহেনার বিপক্ষে দুই লেগের ম্যাচেও থাকছেন না মেসি।

আর চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টারডাম ও সেল্টিকের বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচ বার্সেলোনা খেলবে মেসিকে ছাড়াই। তবে এরই মধ্য শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে লা লিগা চ্যাম্পিয়নরা।