২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ সপ্তাহ মাঠের বাইরে মেসি

বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশি ছিড়ে গেছে বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। তাই ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 04:25 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

সোমবার বার্সেলোনার ওয়েবসাইটে দলটির চিকিৎসক দল নিশ্চিত করেছে, মেসির বাম উরুতে পেশি (হ্যামস্ট্রিং) ছিড়ে গেছে। আবার মাঠে ফিরতে চারবারের বিশ্ব সেরা ফুটবলারকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মেসি আপাতত বার্সাতেই থাকবেন। এরপর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে যাবেন তিনি।

রোববার রিয়াল বেতিসের বিপক্ষে চোটের কারণে প্রথমার্ধের শুরুর দিকেই মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। চলতি মৌসুমে এটি ছিল মেসির ১৬তম ম্যাচ। সব মিলিয়ে ১৪ গোল করেছেন এই ফুটবল জাদুকর।

চলতি মৌসুমে এটি মেসির তৃতীয় চোট। ২১ অগাস্ট আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে খেলার সময় প্রথম চোট পান তিনি। সেবার এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় মেসির।

Image
রিয়াল বেতিসের বিপক্ষে চোটে পড়েন মেসি।

রিয়াল বেতিসের বিপক্ষে চোটে পড়েন মেসি।

Image
চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন মেসি।

চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন মেসি।

এরপর ২৮ সেপ্টেম্বর আলমেরিয়ার বিপক্ষে খেলার সময় ডান উরুর পেশিতে চোট পান তিনি। এরপর মাঠে ফিরতে তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার অধিনায়ককে। ফলে খেলতে পারেননি বার্সেলোনার পরবর্তী দুটি ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি তিনি।

রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে শুরুতেই মেসিকে হারালেও জিততে অবশ্য কোনো সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। নেইমার, ফ্যাব্রেগাস ও পেদ্রোর গোলে ৪-১ গোলে জিতেছে তারা।

ওই ম্যাচে চোট পেয়েছেন সেস ফ্যাব্রেগাসও। দুটি গোল করার পাশাপাশি নেইমারের গোলটি বানিয়ে দেয়া এই মিডফিল্ডার ডান হাঁটুতে ব্যথা পেয়ে ৮০ মিনিটে মাঠ ছাড়েন।

আগামী সপ্তাহে ইকুয়েডর ও বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের পর আগামী ২৩ নভেম্বর লা লিগায় বার্সেলোনা খেলবে গ্রানাদার বিপক্ষে।