২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তার স্বপ্ন পূরণে অপেক্ষা বাড়লো

স্পেনের হয়ে মাঠে নামার অপেক্ষা বাড়লো ব্রাজিলে জন্ম নেয়া স্ট্রাইকার দিয়েগো কস্তার। উরুতে চোট পাওয়ায় বিষুবীয় গিনি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

কস্তার বদলে জুভেন্টাসের স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তেকে দলে নিয়েছেন কোচ ভিসেন্তে দেল বস্ক।

১৬ নভেম্বর বিষুবীয় গিনির মাঠে খেলবে স্পেন। তার তিন দিন পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের লড়াই।

গত মার্চে ব্রাজিলের হয়ে রাশিয়া ও ইতালির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন কস্তা। তবে গত জুনে কনফেডারেশন্স কাপের দলে সুযোগ পাননি।

সম্প্রতি জন্মভূমি ব্রাজিলকে উপেক্ষা করে স্পেনের হয়ে খেলাটাই বেছে নেন কস্তা। দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলেও তাকে রাখেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু চোট তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ালো।

গত রোববার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ এ ড্র ম্যাচের ৮২ মিনিটে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান স্পেনের নাগরিকত্ব পাওয়া কস্তা।

মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন কস্তা। দল আতলেতিকো মাদ্রিদের হয়ে ১৭ খেলায় ১৬ গোল করেছেন তিনি।

পুরনো খবর:

স্পেন দলে দিয়েগো কস্তা