২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে আবার নাদালের মুখোমুখি জোকোভিচ

আরেকটি ফাইনালে মুখোমুখি টেনিস বিশ্বের বর্তমানের সবচেয়ে বড় দুই তারকা রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 01:28 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা ধরে রাখার মিশনে রোববার দ্বিতীয় সেমিফাইনালে স্তানিলাস ভাভরিঙ্কাকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দেন সার্বিয়ার জোকোভিচ।

এবারই প্রথম ওয়ার্ল্ড ট্যুরে খেলার সুযোগ পেয়েছিলেন সুইজারল্যান্ডের খেলোয়াড় ভাভরিঙ্কা।

প্রথম সেমিফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেন স্পেনের নাদাল।   

সোমবার প্রায় ২০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইটা বরাবরের মতো এবারও দিচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতার হাতছানি।

র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নাদাল এ বছর দুটি গ্র্যান্ড স্লাম সহ সর্বমোট ১০টি শিরোপা জিতেছেন। আর টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ গত এক মাসেই টানা তিনটি শিরোপা জয় করেন। জিতেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনেও। তাছাড়া গত ৯ সেপ্টেম্বর ইউএ্স ওপেনের ফাইনালে নাদালের কাছে হারের পর এখনও অপরাজিত আছেন তিনি।

তাছাড়া এখানেও তারা দু’জন আছেন দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে দু'জনেই শতভাগ সাফল্য পেয়েছেন।

Image
চায়না ওপেনের ফাইনালে নাদালকে হারান জোকোভিচ।

চায়না ওপেনের ফাইনালে নাদালকে হারান জোকোভিচ।

গত মাসে চায়না ওপেনের ফাইনালের আগেরদিন নাদালের কাছেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসন হারান জোকোভিচ। তবে তার পরদিনই ১৩টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদালকে হারিয়ে প্রতিশোধ নেন ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক।

এই সার্বিয়ান তারকার সাম্প্রতিক পারফরম্যান্স ঈর্ষণীয় হলেও নাদালের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে কিন্তু অনেক পিছিয়ে তিনি। আগের ৩৮ বারের দেখায় নাদালের ২২ জয়ের বিপরীতে জোকোভিচ জিতেছেন ১৬টিতে।

মুখোমুখি লড়াইয়ের সাফল্যে নাদাল এগিয়ে থাকলেও ইনডোরের এই টুর্নামেন্টে কিন্তু অনেক পিছিয়ে তিনি। শিরোপা জয় তো দুরের কথা এখন পর্যন্ত ফাইনালে উঠেছেন মাত্র একবার, ২০১০ সালে। ওই ফাইনালে ফেদেরারের কাছে তিনি হেরে যান ৬-৩, ৩-৬, ৬-১ গেমে।

অবশ্য এবার ভিন্ন রুপে দেখা যেতে পারে রেকর্ড আটটি ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালকে। বছরের শেষ এটিপি টুর্নামেন্টে সবচেয়ে সফল ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরারকে সেমি-ফাইনালে সরাসরি সেটে উড়িয়ে দিয়েই যে ফাইনালে উঠেছেন তিনি। তাই জোকোভিচের শিরোপা ধরে রাখাটা খুব একটা সহজ হবে না।

জোকোভিচও তাই মনে করছেন, “এ বছর আমরা দু’জনই দারুণ খেলেছি। লন্ডনে সম্ভাব্য সেরা ফাইনালটাই আমরা পেতে যাচ্ছি। দেখি আগামীকাল (সোমবার) কি হয়।”  

“রাফা এবং আমার মধ্যে লড়াইটা সবসময়ই খুব আকর্ষণীয় হয়। একে অপরকে আমরা খুব ভালোভাবে জানি। কোর্টে আমাদের মধ্যে গোপনীয় কিছুই নেই”, যোগ করেন তিনি।