ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল
একদিকে বিশ্বের এক নম্বর খেলোয়াড়, অন্যদিকে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। তাই রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের একটা জমজমাট লড়াই দেখার প্রত্যাশায় ছিল টেনিসপ্রেমীরা। কিন্তু লড়াইটা তেমন জমেনি।
দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে সরাসরি সেটে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপার দ্বারপ্রান্তে নাদাল। প্রথম সেমি-ফাইনালের ফলাফল ৭-৫, ৬-৩।
দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ খেলবেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে।
দুই বছর আগে এই টুর্নামেন্টে ফেদেরারের কাছে ৬-৩, ৬-০ গেমে উড়ে গিয়েছিলেন নাদাল।
রোববার প্রথম সেট হেরে গেলেও ফেদেরার ভালোই লড়াই করেছেন। কিন্তু পরের সেটে পাত্তাই পাননি টেনিস ইতিহাসের সফলতম খেলোয়াড়। আগের দিন হুয়ান মার্তিন দেল পোত্রোর বিপক্ষে তিন সেট লড়াই করে জয়ের ক্লান্তি ভালো মতোই ধরা পড়েছে ফেদেরারের র্যাকেটে।
মুখোমুখি লড়াইয়ে তাই নাদাল এখন ২২-১০ ব্যবধানে এগিয়ে। তবে ইনডোরে এই প্রথম ফেদেরারকে হারালেন তিনি।
রেকর্ড ৮টি ফ্রেঞ্চ ওপেনসহ ১৩টি গ্র্যান্ড স্লাম জিতলেও লন্ডনে বছরের শেষ টুর্নামেন্টটির শিরোপা এখনো নাদালের অধরা। এবার তাই ‘অতৃপ্তি’ ঘোচাতে মরিয়া এই স্প্যানিশ তারকা।
