২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতিসের জালে বার্সার এক হালি গোল

চোটের কারণে মেসিকে মাঠ ছাড়তে হলেও স্পেনের লা লিগায় রিয়াল বেতিসের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:17 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

রোনালদোর হ্যাটট্রিকে বিধ্বস্ত সোসিয়েদাদ

দু'টি গোল করেছেন ফ্যাব্রেগাস। গোল পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার ও পেদ্রোও।

রোববার রাতে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ শানাতে পারেনি বার্সেলোনা; বরং নিজেদের মাঠে মাঝমাঠ দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় বেতিস।

১৫ মিনিটে খুব কাছ থেকে একটি শট ঠেকানোর তিন মিনিট পর নিশ্চিত একটি গোল ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভিক্তর ভালদেস।

Image
চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে।

চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে।

Image
মাঠের বাইরে চলে যাচ্ছেন মেসি।

মাঠের বাইরে চলে যাচ্ছেন মেসি।

বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি হাটুতে চোট পাওয়ায় কোনো ঝুঁকি নেননি কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচের ২১ মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে ইনিয়েস্তাকে নামান তিনি।

অবশেষে ৩৫ মিনিটে সেস ফ্যাব্রেগাসে পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ব্রাজিল তারকা নেইমার। অ্যালেক্স সংয়ের বাড়ানো বল অফসাইডের ফাঁদ এড়িয়ে ধরে নিজে শট না নিয়ে নেইমারকে এগিয়ে দিয়েছিলেন ফ্যাব্রেগাস।

Image
গোলের পর পেদ্রোর উচ্ছ্বাস।

গোলের পর পেদ্রোর উচ্ছ্বাস।

পরের মিনিটেই বল নিয়ে বাঁ দিকে ছুটে গিয়ে ডান পায়ে কোণাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন পেদ্রো।

প্রথমার্ধের শেষ দিকে বাঁ দিক থেকে দারুণ এক পাস দিয়েছিলেন নেইমার কিন্তু তাতে ঠিকমতো শট করতে পারেননি পেদ্রো।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেতিস ডিফেন্ডার স্টাইনহফারের একটি শট বারে লেগে ফিরে আসে। আর ৬০ মিনিটে নেইমারের পর পর দুটো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সারা।

ম্যাচের ৬৪ মিনিটে দলীয় প্রচেষ্টায় আসে বার্সার তৃতীয় গোলটি। স্কোরশিটে নাম লেখান মিডফিল্ডার ফ্যাব্রেগাস।

Image
দুটি গোল করার পাশাপাশি একটি গোলে অবদান রাখেন ফ্যাব্রেগাস।

দুটি গোল করার পাশাপাশি একটি গোলে অবদান রাখেন ফ্যাব্রেগাস।

Image
রিয়াল বেতিসের বিপক্ষে গোলের পর উদযাপন ফ্যাব্রেগাসের।

রিয়াল বেতিসের বিপক্ষে গোলের পর উদযাপন ফ্যাব্রেগাসের।

ম্যাচের ৭৩ মিনিটে একের পর এক ফাউলের শিকার হওয়া নেইমারকেও উঠিয়ে নেন কোচ। কিন্তু তাতেও কমেনি বার্সার আক্রমণের ধার। ৭৮ মিনিটে ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ফ্যাব্রেগাস। আঘাত পেয়ে এরপর উঠে যেতে হয় তাকেও।

ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে সান্ত্বনার গোল পায় বেতিস।

এর আগে লা লিগার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো ও চতুর্থ ভিয়ারিয়ালের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। দুটি গোলই আত্মঘাতী।

১৩ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বার্সেলোনা। আর ড্র করে বার্সা থেকে তিন পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১।