২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির চতুর্থ হার

ইংলিশ প্রিমিয়ার লিগে আবার হেরে গেছে ম্যানচেস্টার সিটি। রোববার সান্ডারল্যান্ডের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে গতবারের রানার্স-আপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 10:29 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

এবারের লিগে এটা ম্যান সিটির চতুর্থ হার। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

এ মৌসুমে ম্যান সিটির সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। আগের ১০ ম্যাচের ৬টিতে জিতলেও তিনটিতে হেরে যায় মানুয়েল পেল্লেগ্রিনির দল।

গত সপ্তাহে নরউইচ সিটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করলেও আরেক বার হারের তেতো স্বাদ পেতে হয়েছে ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠ ‘স্টেডিয়াম অব লাইট’-এ সান্ডারল্যান্ডের মহামূল্যবান গোলটি স্কটিশ ডিফেন্ডার ফিলিপ বার্ডসলির। ২১ মিনিটে স্বদেশী ডিফেন্ডার ওয়েস ব্রাউনের পাস থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।