২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলের কাছে টটেনহ্যামের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে আবার ব্যর্থ টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:05 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

গত সপ্তাহে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করা টটেনহ্যামের এবারের লিগে এটা তৃতীয় হার।

১১ ম্যাচ থেকে টটেনহ্যামের সংগ্রহ ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্সেনাল।

রোববার হোয়াইট হার্ট লেনে নিউক্যাসলের জয়ের নায়ক ফরাসি স্ট্রাইকার লোইক রেমি। ১৩ মিনিটে স্বদেশী স্ট্রাইকার ইয়োয়ান গুফরানের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।

প্রথামার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় একের পর এক আক্রমণ করে সমতায় ফিরতে মরিয়া টটেনহ্যাম।

কিন্তু নিউক্যাসলের ডাচ গোলরক্ষক টিম ক্রুলকে পরাস্ত করতে পারেনি স্বাগতিক দল। কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে তিনটি মূল্যবান পয়েন্ট এনে দেন ক্রুল।