হকি খেলোয়াড়দের নিষেধাজ্ঞার প্রতিবাদ
জাতীয় দলের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডসহ পাঁচটি ক্লাব।
বৃহস্পতিবার মোহামেডান ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোহামেডান, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, মেরিনার্স ইয়াংস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্সের কর্মকর্তারা ছাড়াও জাতীয় দলের সাবেক কোচ প্রতাপ শঙ্কর হাজরা ও হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এএ আদেল উপস্থিত ছিলেন।
প্রতাপ শঙ্কর হাজরা বলেন, “ফেডারেশনের এই সিদ্ধান্ত ঠিক হয়নি। একজন খেলোয়াড় উশৃঙ্খল হলে তাকে কেন জাতীয় দলে নেয়া হলো? আসলে দল ভালো খেলেনি বলে কয়েক জন খেলোয়াড়ের ওপরে দোষ চাপিয়ে ফেডারেশনের কর্মকর্তারা দায় এড়াতে চাচ্ছেন।”
মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন বলেন, “চার খেলোয়াড়কে নিষিদ্ধ করে ফেডারেশন হকিকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি ফেডারেশন এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।”
