হ্যাজার্ডকে মরিনিয়োর শাস্তি
দারুণ ফর্মে থাকা এডেন হ্যাজার্ডকে ছাড়াই শালকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের দল সাজিয়েছিলেন চেলসি কোচ জোসে মরিনিয়ো। বুধবার রাতের ঐ ম্যাচের আগে অনুশীলনে সময়মতো হাজির না হওয়ায় বেলজিয়ামের এই ফরোয়ার্ডকে শাস্তিস্বরূপ দলে রাখেননি তিনি।
হাজার্ড না থাকলেও শালকের বিপক্ষে জিততে কোনো সমস্যা হয়নি চেলসির। জার্মানির দলটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হ্যাজার্ডকে বাদ দেয়ার কারণ জানাতে গিয়ে মরিনিয়ো বলেন, “মিথ্যে বলতে চাই না। সে অসুস্থ নয়। সে সময় ভুলে গিয়েছিল।”
তবে দল থেকে বাদ দেওয়ার মতো কঠিন শাস্তি দিলেও হ্যাজার্ডের উপর খুব বেশি ক্ষুব্ধ নন মরিনিয়ো।
“আমার কাছে সে শিশু আর শিশুরা তো ভুল করবেই। সেক্ষেত্রে ছেলেকে শিক্ষা দিতে বাবাকে বেশ চালাক হতে হয়।”
ইউরোপ সেরার মঞ্চে এদিন মাঠে নামতে না পেরে স্বাভাবিকভাবেই যে দারুণ হতাশ হ্যাজার্ড তাও জানান ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো। তাই ‘সন্তান’কে স্বান্তনা দিতে জানিয়ে দিলেন “তাকে ছাড়াই আমরা জিতেছি আর শনিবার সে দলে ফিরবে। এই গল্পের শেষ এখানেই।”
হ্যাজার্ডকে শাস্তি দিয়ে দলের সবার প্রতিই একটা হুশিয়ারির বার্তাই ছুড়লেন পর্তুগিজ এই কোচ। সবার আগে দল, কেউই মহামূল্যবান নয়। আর নিয়ম ভাঙ্গলে যে কাউকে ছেটে ফেলতে দ্বিধা করবেন না তিনি।
