শেষ ষোলর দ্বারপ্রান্তে বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের হাতছানি বার্সেলোনার সামনে। বুধবার ঘরের মাঠ ক্যাম্প নউ-এ এসি মিলানকে হারালেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা মিলানের পয়েন্ট ৫। বুধবার মুখোমুখি হতে যাওয়া গ্রুপের অন্য দুই দল সেল্টিক ও আয়াক্সের পয়েন্ট ৩ ও ১।
চ্যাম্পিয়ন্স লিগে সাম্প্রতিক সময়ে বার্সা ও মিলানের নিয়মিতই দেখা হচ্ছে। ২০১১-১২ মৌসুমেও একই গ্রুপে ছিল এই দুই দল। সেবার কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল বার্সা ও মিলান। সেই লড়াইয়ে জিতেছিল বার্সা।
গত মৌসুমের দ্বিতীয় রাউন্ডে আবার দুই দল মুখোমুখি। সেবারও বিজয়ী দলের নাম বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে মিলানকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় স্পেনের পরাশক্তিরা।
এবার মিলানের মাঠে দু দলের আগের লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল।
আতলেতিকো মাদ্রিদও নক আউট পর্বের দ্বারপ্রান্তে। প্রথম তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থাকা স্পেনের দলটি ঘরের মাঠে স্বাগত জানাবে অস্ট্রিয়া ভিয়েনাকে। ভিয়েনার মাঠে আগের ম্যাচে সহজেই ৩-০ গোলে জিতেছিল আতলেতিকো।
গ্রুপের অন্য ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তো। জেনিত, পোর্তো ও ভিয়েনার পয়েন্ট যথাক্রমে ৪, ৩ ও ১।
‘এফ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে টুর্নামেন্টের গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে আতিথ্য দেবে ইংল্যান্ডের আর্সেনালকে। আর্সেনালের মাঠে আগের লড়াই ২-১ গোলে জিতেছিল বরুসিয়া।
অন্য ম্যাচে ইতালির নাপোলি ঘরের মাঠে খেলবে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে। বরুসিয়া, আর্সেনাল ও নাপোলি তিন দলেরই পয়েন্ট ৬।
‘ই’ গ্রুপে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে হবে জার্মানির শালকেকে। প্রথম লেগে শালকের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিল চেলসি।
গ্রুপের অন্য ম্যাচে খেলবে সুইজারল্যান্ডের বাসেল ও রোমানিয়ার স্টুয়া বুখারেস্ট।
চেলসি ও শালকের পয়েন্ট ৬ করে। বাসেলের পয়েন্ট ৪, বুখারেস্টের ১।
