মেসির চেয়ে এখনও পিছিয়ে নেইমার: পেলে
বার্সেলোনায় গিয়ে নৈপুণ্যের স্বাক্ষর রেখে চলেছেন ব্রাজিল তারকা নেইমার। তবে সে দেশের ফুটবল কিংবদন্তি পেলে মনে করেন, ক্লাব সতীর্থ লিওনেল মেসির মতো হতে এখনও ঢের বাকি আছে নেইমারের।
৭৩ বছর বয়স্ক পেলের অবশ্য নেইমারের প্রতিভার উপর কোনো সন্দেহ নেই। শুধু অভিজ্ঞতায় সে পিছিয়ে আছে বলে মনে করেন তিনি।
ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেয়া পেলের মতে নেইমার "বিশ্বের অন্যতম একজন পরিপূর্ণ ফুটবলার।"
বার্সেলোনায় প্রথম মৌসুমে ২১ বছর বয়সী নেইমার ১৫টি ম্যাচে চারটি গোল করেছেন এবং আটটি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে ১৪ ম্যাচে আর্জেন্টিনা তারকা মেসি ১২টি গোল করার পাশাপাশি চারটি গোলে অবদান রেখেছেন।
পেলে বিশ্বাস করেন, নেইমারের মধ্যে আধুনিক ফুটবলের সবচেয়ে ভালো ফরোয়ার্ড হওয়ার সামর্থ্য আছে। তবে বিশ্বসেরা হওয়ার আগে ইউরোপে তাকে মানিয়ে নিতে আরো সময় দিতে হবে।
ফিফা ব্যালন ডি অর পুরস্কারের জন্য করা ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় নেইমারের নাম থাকলেও তাই পেলে মনে করেন, বিশ্বের সেরা ফুটবলার পুরস্কারটা মেসি অথবা রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই থাকা উচিত। কারণ তারা নেইমারের চেয়ে চার-পাঁচ বছর এগিয়ে আছে। তাদের মতো অভিজ্ঞতা নেইমারের নেই।
জন্মভূমি ব্রাজিলের বদলে স্পেনকে বেছে নেয়া আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড দিয়েগো কস্তার পক্ষেও দাঁড়িয়েছেন ফুটবল কিংবদন্তি।
কস্তার সিদ্ধান্ত ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষে মেনে নেয়া উচিত বলে মনে করেন তিনি।
