২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার পিছু ছাড়ছে না আতলেতিকো

সম্পদশালী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে চলছে আতলেতিকো মাদ্রিদ। রোববার আথলেতিক বিলবাওকে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মাদ্রিদের এই ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 12:32 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়
মেসির গোল খরাতেও বার্সার জয়

১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ও রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে দিয়েগো সিমিওনের দল।

নিজেদের মাঠে গোল পেয়েছেন আথলেতিকোর দুই তারকা ফরোয়ার্ড ডাভিদ ভিয়া ও দিয়েগো কস্তা।

Image
আতলেতিকোকে এগিয়ে দিয়ে ডাভিদ ভিয়া উদযাপন।

আতলেতিকোকে এগিয়ে দিয়ে ডাভিদ ভিয়া উদযাপন।

ম্যাচের ৩৩ মিনিটে দারুণ এক ভলিতে আতলেতিকোকে এগিয়ে দেন এই মৌসুমে বার্সেলোনা থেকে আসা ডাভিদ ভিয়া।

এর সাত মিনিট পর কোকের এগিয়ে দেয়া বল থেকে ব্যবধান দ্বিগুন করেন ২৫ বছর বয়সী দিয়েগো কস্তা।

গত দুই ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে কস্তাকে ছাড়িয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। ১৩ গোল করে তাকে ছুঁয়ে ফেললেন জন্মভূমি ব্রাজিলের বদলে স্পেনের হয়ে খেলার ঘোষণা দেয়া কস্তা।

আতলেতিকোর গোলে একটিও শট নিতে না পারা বিলবাও ম্যাচের শেষ ১০ মিনিট খেলেছে ১০ খেলোয়াড়কে নিয়ে। এই হারে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছাড়া তৃতীয় কোনো দল হিসেবে শেষবারের মতো লা লিগা জিতেছিল ভ্যালেন্সিয়া সেই ২০০৪ সালে। আর এর পর একবার ছাড়া পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে থেকেছে বার্সা বা রিয়াল। ২০০৮ সালে কেবল বার্সাকে টপকে রিয়ালের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল ভিয়ারিয়াল।

লা লিগায় এখন কেবল তিনটি দল মৌসুমের প্রথম ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে। ১৯৬১ মৌসুমে রিয়াল, ২০১২ মৌসুমে বার্সা এবং এ মৌসুমে বার্সা ও আতলেতিকো।

রোববার আগের ম্যাচে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। নিজেদের মাটিতে মালাগা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। অন্য ম্যাচে গ্রানাদা একমাত্র গোলে লেভান্তেকে হারিয়েছে।