মেসির গোল খরাতেও বার্সার জয়
লা লিগায় হঠাৎ করেই গোল খরায় পড়েছেন লিওনেল মেসি। তবে নেইমার ও সানচেসের দারুণ প্রচেষ্ঠায় একমাত্র গোলে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে বার্সেলোনা।
শুক্রবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প নউতে প্রধামার্ধের ৭০ শতাংশেরও বেশি সময় বলের নিয়ন্ত্রণ রেখেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। এর কারণ হয়তো দলের তারকা ফুটবলার লিওনেল মেসির গোল করতে ভুলে যাওয়া।
এ ম্যাচ নিয়ে লিগের টানা চারটি ম্যাচে ৯০ মিনিট করে খেলেও গোল পাননি চারবারের বিশ্বসেরা ফুটবলার। গোল না করার বিবেচনায় আর্জেন্টিনার এই তারকার এটা ছয় বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফর্ম।
তবে দিনে দিনে যেন আরো পরিপূর্ণ হয়ে উঠছেন দলের ব্রাজিল তারকা নেইমার। শুক্রবার ক্যাম্প নউতে অসাধারণ খেলেছেন সান্তোস থেকে বার্সেলোনায় আসা এই ফরোয়ার্ড। সারাক্ষণ স্পানিওলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছেন তিনি। বাঁ দিক থেকে পেনাল্টি বক্সে জুগিয়েছেন দারুণ সব পাস। দ্বিতীয়ার্ধে বুদ্বিদীপ্ত এমন এক পাসে গোল বানিয়ে দেন চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেসকে।
বার্সেলোনার একমাত্র গোলটি করেন সানচেস, অবদান নেইমারের। ছবি: রয়টার্স।
সানচেসের একমাত্র গোলে লা লিগায় এসপানিওলকে হারিয়েছে বার্সেলোনা।
প্রথমার্ধেই অবশ্য এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু নেইমারের ব্রাজিল সতীর্থ দানি আলভেসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এসপানিওলেরও একটি নিশ্চিত গোল ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক ভিক্তর ভালদেস।
কাতালান ডার্বি জিতে ১২ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান সংহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ মৌসুমে এখন পর্যন্ত কেবল ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।
এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ নিজেদেরে মাঠে রোববার মুখোমুখি হবে আথলেতিক বিলবাওয়ের। আর বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ শনিবার রায়ো ভায়েকানোর সঙ্গে জিতে ব্যবধান ঘোচানোর চেষ্টা করবে।
