এগিয়ে চলেছে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে আর্সেনাল এখন বেশ নিশ্চিন্ত। এক গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে চেলসি ও লিভারপুল দুই দলের সঙ্গেই ব্যবধান ৫ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
১০ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ২৫ পয়েন্ট। নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে যাওয়া চেলসি ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। লিভারপুলেরও ২০ পয়েন্ট, তবে গোলগড়ে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়।
১৯ পয়েন্ট নিয়ে গতবারের রানার্স-আপ ম্যানচেস্টার সিটি আছে চতুর্থ স্থানে। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৭, অবস্থান অষ্টম।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল দুই অর্ধে গোল দুটি করে।
১৯ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড সান্তিয়াগো কাজোরলা এগিয়ে দেন দলকে। ৫৯ মিনিটে স্বাগতিক দলের জয় নিশ্চিত করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজি।
