ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ফেরার
রজার ফেদেরার ও রাফায়েল নাদালের আরেকটি ফাইনালে মুখোমুখি হওয়া হলো না। প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে হেরে গেছেন টেনিসের দুই মহাতারকাই। ফেদেরারকে হারিয়েছেন নোভাক জোকোভিচ, নাদালের পরাজয় দাভিদ ফেরারের কাছে।
প্রথম সেমিফাইনালে প্রথম সেট ৬-৪ গেমে জিতে ফাইনালে ওঠার আশা উজ্জ্বল করে তুলেছিলেন ফেদেরার।
কিন্তু পরের দুই সেটে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী পাত্তাই পাননি। ৬-৩, ৬-২ গেমে জিতে ফাইনালে উঠে যান র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জোকোভিচ।
প্রতিশোধ নেয়ার জন্য ফেদেরারকে অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। ৪ নভেম্বর থেকে লন্ডনে শুরু হতে যাওয়া এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে একই গ্রুপে পড়েছেন ফেদেরার ও জোকোভিচ।
পরের সেমিফাইনালে দুই স্প্যানিশের লড়াইয়ে নাদাল তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। টেনিস-জীবনের অন্যতম সেরা ম্যাচ খেলে ফেরার ৬-৩, ৭-৫ গেমে বিধ্বস্ত করেছেন র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নাদালকে।
