২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির গোল-উৎসব

নরউইচ সিটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। জিতেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। ফুলহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 12:46 AM

Updated : 25 Apr 2022, 07:28 PM

১০ ম্যাচ থেকে ম্যান সিটির সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান খেলায় ম্যান ইউর পয়েন্ট ১৭।

আগের ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হারের দুঃখ নিয়ে খেলতে নামা ম্যান সিটি ঘরের মাঠে ১৬ মিনিটের সময় নরউইচের মিডফিল্ডার ব্র্যাডলি জনসনের আত্মঘাতী গোলে এগিয়ে যায়।

২০, ২৫ ও ৩৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা, সার্ব ডিফেন্ডার মাতিয়া নাস্তাসিচ ও সিলভার স্বদেশী ফরোয়ার্ড আলভেরো নেগ্রেদোর লক্ষ্যভেদে বিরতির আগেই জয় নিশ্চিত হয়ে যায় গতবারের রানার্স-আপদের।

এই তিন গোলের দুটোতেই আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোর অবদান। অন্য গোলটি আসে ফরাসী মিডফিল্ডার সামির নাসরির পাস থেকে।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা ম্যান সিটির পক্ষে বিরতির পর গোল করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে, আগুয়েরো ও বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো।

প্রতিপক্ষের মাঠে নবম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড আন্তনিও ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় ম্যান ইউ।

২০ ও ২২ মিনিটে নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পার্সি ও ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে জয় নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

৬৫ মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলদাতা সুইডিশ মিডফিল্ডার আলেক্সান্দার কাসানিকলিচ।

ইপিএলের অন্যান্য ম্যাচে হাল সিটি ১-০ গোলে সান্ডারল্যান্ডকে ও ওয়েস্টব্রমউইচ অ্যালবিওন ২-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে এবং স্টোক সিটি ১-১ গোলে সাউথ্যাম্পটনের সঙ্গে ও ওয়েস্টহ্যাম গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে।