কাভানির জোড়া গোলে পিএসজির জয়
দলের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের অনুপস্থিতিতে জ্বলে উঠলেন আরেক তারকা এদিনসন কাভানি। উরুগুয়ের এই স্ট্রাইকারের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে সহজেই লরেন্তকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।
শুক্রবার রাতের এই ম্যাচে হাটুর চোটের কারণে দলে ছিলেন না ইব্রাহিমোভিচ। তবে ফরাসি চ্যাম্পিয়নরা প্রমাণ করলো সুইডিশ এই স্ট্রাইকার ছাড়াও প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য হুমকি তারা।
প্রথমার্ধে পিএসজিকে এগিয়ে দেন উইঙ্গার লুকাস মাওরা ও জেরেমি মেনেস। এরপর উরুগুয়ে তারকা কাভানিতে মৌসুমের দশম গোলটি বানিয়ে দেন লুকাস মাওরা।
দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভানি। এ নিয়ে চার ম্যাচে ছয়টি গোল করলেন তিনি।
এই জয়ে প্রতিদ্বন্দ্বী মোনাকোর চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল রাজধানীর দলটি। এ নিয়ে লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
