প্যারিসে মুখোমুখি ফেদেরার ও জোকোভিচ
প্রতিশোধ নিতে দেরি করেননি রজার ফেদেরার। গত রোববার স্বদেশ সুইজারল্যান্ডের বাসেল ওপেনের ফাইনালে হার মেনেছিলেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর কাছে। তবে শুক্রবার প্যারিস মাস্টার্সের কোয়ার্টার-ফাইনালে দেল পোত্রোকে হারিয়ে দিয়েছেন পুরুষদের টেনিসের সফলতম খেলোয়াড়।
খেলার ফলাফল ৬-৩, ৪-৬, ৬-৩। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের এ বছর মাস্টার্স সিরিজে এটা মাত্র দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে উত্তরণ।
শেষ চারে ফেদেরারের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। আরেক কোয়ার্টার-ফাইনালে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জোকোভিচ ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে।
স্বাগতিকদের রিচার্ড গ্যাসকেকে ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে এ বছরের ১১তম শিরোপা জেতার লক্ষ্যে সেমি-ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদালও।
২০১৩ সালে ব্যর্থতার বৃত্তে বন্দী ফেদেরারের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, জোকোভিচের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন তিনি। দুজনের আগের ২৯টি লড়াইয়ের ১৬টিতে জিতেছেন ফেদেরার।
সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে অবশ্য বিজয়ীর নাম জোকোভিচ। ঠিক এক বছর আগে লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে ফেদেরারকে হারিয়ে দিয়েছিলেন এই সার্ব তারকা।
