২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুয়েরোকে ম্যারাডোনার তিরষ্কার

মেয়ের সাবেক স্বামী স্যার্হিও আগুয়েরোকে তিরষ্কার করেছেন ডিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 10:01 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে ইংল্যান্ডের ‘মেট্রো রেডিও’কে সাক্ষাতকার দেন আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তি। সেখানেই ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোকে ‘ভীরু’ বলে উল্লেখ করেন তিনি।

গত জানুয়ারিতে ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আগুয়েরোর। বিচ্ছেদের পর থেকে চার বছরের ছেলেকে নিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাস করছেন জিয়ান্নিনা।

সম্প্রতি দুই পক্ষের আইনজীবিদের উপস্থিতিতে কথোপকথনের সময় সাবেক স্ত্রীকে আগুয়েরো বলেন, “আমি কাউকে ভয় পাই না।”

কথাটা সম্ভবত ম্যারাডোনাকে উদ্দেশ্য করে বলা। আর্জেন্টিনা ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক অন্তত তেমনই মনে করছেন।

‘মেট্রো রেডিও’কে তিনি বলেন, “আইনজীবিদের সঙ্গে পরের মিটিং-এ আমি মেয়ের সঙ্গে থাকতে চাই। দেখতে চাই, মেয়েকে যা বলেছে, আমার সামনে সেই কথা বলার সাহস তার (আগুয়েরোর) আছে কিনা।”

“আমি ভীষণ ক্ষুব্ধ। সে (আগুয়েরো) একটা ভীরু। সে জানতো যে আমি দুবাইয়ে আছি। আর তাই সে ঐ মিটিংয়ে গিয়েছিল।”