২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বাদশবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুরে ফেদেরার

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে রেকর্ড টানা দ্বাদশবারের মতো খেলা নিশ্চিত করলেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার প্যারিস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে লন্ডনে শুরু হতে যাওয়া বছরের শেষ টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেন সুইজারল্যান্ডের ফেদেরার। চতুর্থ রাউন্ডে ওঠার ফলে র্যাঙ্কিংয়ের নবম স্থানে ফেদেরারের থাকাটা নিশ্চিত।

৪ নভেম্বর থেকে শুরু এই প্রতিযোগিতায় র্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় অংশ নিয়ে থাকে। তবে চোটের কারণে এবার খেলতে পারছেন না ব্রিটেনের অ্যান্ডি মারে। তাই নয় নম্বরে থেকেই ফেদেরার টুর্নামেন্টে খেলতে পারবেন।

২০০২ সাল থেকে প্রতিবছর এই টুর্নামেন্টে খেলছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার। ফলে বছরের শেষ এই প্রতিযোগিতায় টানা অংশগ্রহণের আগের সর্বোচ্চ রেকর্ডের মালিক ইভান লেন্ডনের কৃতিত্বে ভাগ বসালেন ফেদেরার।

জিতেছেন এক নম্বর রাফায়েল নাদালও। স্পেনের মার্সেলো গ্রানোল্লার্সকে তিনি হারিয়েছেন ৭-৫, ৭-৫ গেমে।

এদিন তৃতীয় রাউন্ডে আরো জিতেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ ও আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো।