স্পেনকে বেছে নেয়ার কারণ জানালেন কস্তা
জন্মভূমি ব্রাজিলকে উপেক্ষা করে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন দিয়েগো কস্তা। এবার জানালেন তার এই সিদ্ধান্তের পেছনের কারণ। ক্যারিয়ারে আজ তার যা কিছু অর্জন তার সবই স্পেনে পেয়েছেন বলে জানিয়েছেন কস্তা।
নিজের সিদ্ধান্তের পেছনে কস্তার যুক্তি, "এটা কঠিন একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু জীবনে যা কিছু আমি অর্জন করেছি তার সব এই দেশটিই আমাকে দিয়েছে। এখানে যা কিছু করি, তার জন্যে আমি সম্মানিত বোধ করি। দায়িত্ব পালনে আমি নিয়মিতভাবে কাজ করি, আর সে কারণে এখানকার মানুষ আমাকে ভালোবাসে।"
স্পেনের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে কস্তা আরো বলেন, "চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আমি অনেক চিন্তা করেছি। আশা করি মানুষ আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবে। তারা বুঝবে যে, আমি ব্রাজিলকে উপেক্ষা করছি না।"
এ মৌসুমে ১১ গোল করে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে লা লিগার সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে আছেন কস্তা।
তবে কস্তার সিদ্ধান্তকে কোনভাবেই সঠিক মেনে নিতে পারছেন না ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি। আগামী মাসে হন্ডুরাস ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার জন্য তাকে আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ভীষণ ক্ষেপে সে সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন 'বিগ ফিল' নামে পরিচিত স্কলারি।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক প্রীতি ম্যাচে স্পেনের হয়ে খেলতে দেখা যেতে পারে কস্তাকে।
গত মার্চে রাশিয়া ও ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন কস্তা। তবে এর পরে জুনের কনফেডারেশন্স কাপের দলে তাকে রাখা হয়নি।
স্পেন দলে জায়গা করে নিতে দীর্ঘদেহী এই ফুটবলারকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আলভারো নেদ্রেদো, ফার্নান্দো তরেস, ডাভিদ ভিয়া, রবার্তো সলদাদো ও ফার্নান্দো লরেন্তের সঙ্গে।
