জুভেন্টাস, নাপোলি জিতলেও মিলানের হোঁচট
ইতালির সেরি আতে জয় পেয়েছে নাপোলি ও জুভেন্টাস। তবে এসি মিলানের দুর্দশা কাটছেই না। নিজেদের মাঠে তারা ড্র করেছে লাৎসিওর সঙ্গে।
পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাপোলি ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে।
বুধবার রাতে গনসালো হিগুয়াইনের ক্রস থেকে নাপোলিকে এগিয়ে দেন হোসে কালেহন। পেনাল্টি থেকে গোল করে ফিওরেন্তিনাকে সমতায় ফেরান গুইসেপ্পে রস্সি। এটি এ মৌসুমে তারা নবম লিগ গোল।
ম্যাচের ৩৬ মিনিটে নাপোলির জয়সূচক গোলটি করেন ড্রিস মেরটেন্স।
বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ৪-০ গোলে হারিয়েছে কাতানিয়াকে।
আর্তুরো ভিদাল এগিয়ে দেন জুভেন্টাসকে। বিরতির আগেই ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান দ্বিগুন করেন আন্দ্রেয়া পিরলো। আর দ্বিতীয়ার্ধ গোল করেন কার্লোস তেভেস ও লিওনার্দো বনুচ্চি।
এসি মিলানের হয়ে এ মৌসুমে প্রথম গোল পেয়েছেন ব্রাজিল মিডফিল্ডার কাকা। এর পরও তার দল নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে লাৎসিওর সঙ্গে।
রিয়াল মাদ্রিদে চারটি 'অসুখী' মৌসুম কাটিয়ে মিলানে ফেরা কাকা ম্যাচের ৫৪ মিনিটে দলকে এগিয়ে দেন চমৎকার এক বাঁকানো শটে। কিন্তু লাৎসিও ডিফেন্ডার মাইকেল কিয়ানি গোলটি শোধ করে দেন। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশম অবস্থানে আছে এসি মিলান।
১০ ম্যাচ শেষে নাপোলি ও জুভেন্টাস দুই দলেরই সংগ্রহ ২৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
এক ম্যাচ কম খেলেও ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রোমা। বৃহস্পতিবার নিজেদের মাঠে তারা খেলবে শিয়েভো ভেরোনার সঙ্গে।
