রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
হ্যাটট্রিক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো; সঙ্গে গ্যারেথ বেল ও করিম বেনজেমার জোড়া গোলে সেভিয়াকে নিয়ে খেললো রিয়াল মাদ্রিদ। অতিথিদের ৭-৩ গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।
গত শনিবার ক্লাসিকোতে বার্সার কাছে হারার পর শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল রিয়াল। এই জয়ে বার্সার সঙ্গে ব্যবধান দাঁড়ালো ছয় পয়েন্ট। আর নতুন করে লড়াইয়ে নামার টনিকও হয়ে রইলো মাচটি।
করিম বেনজেমার বানানো বল গোলপোস্টের উপরের কোণা দিয়ে জালে পাঠিয়ে রিয়ালের গোল বন্যার সূচিনা করেন বেল। আধঘণ্টার মধ্যেই ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
গত মাসে রেকর্ড ১ কোটি ইউরো দিয়ে টটেনহ্যাম থেকে কিনে আনা বেলকে নিয়ে যে সন্দেহ ছিল, তার অবসান হলো এই ম্যাচে। দুটি গোল করা ছাড়াও দুটি গোলে সহায়তা করেছেন তিনি।
আর এ ম্যাচেই প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাবেউতে শুরুর একাদশে স্থান পান বেল । আর রিয়ালে এই প্রথমবারের মতো পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন তিনি।
সেভিয়ার ডিভেন্ডাররা ইসকোকে ফেলে দেয়ায় পাওয়া পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান ৩-০ করেন রোনালদো।
তবে বিরতির আগেই পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন রাকিতিচ। এরপর ভিতোলের পাস থেকে ব্যবধান ৩-২ করে সেভিয়াকে খেলায় ফেরান বাক্কা।
বিরতির পর পাল্টা এক আক্রমণ থেকে সে সম্ভাবনা উড়িয়ে দেন করিম বেনজেমা। এ গোলের উৎস বেল রোনালদোর দ্বিতীয় গোলটিতেও অবদান রাখেন।
রাকিতিচের দ্বিতীয় গোলে ব্যবধান ৫-৩ করলেও একটু পরই রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়।
বেলের মতোই দেশ ও ক্লাবে ফর্ম নিয়ে ধুকতে থাকা করিম বেনজেমাও দুই গোল করে স্বরূপে ফেরেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে মার্সেলোর ক্রস থেকে হেড করে দর্শকদের অনন্য একটি ম্যাচ উপহার দেন ফরাসি এই স্ট্রাইকার। প্রায় ৫০ বছর পর সান্তিয়াগো বার্নাবেউ এক ম্যাচে দেখলো ১০টি গোল।
এই জয়ের পরেও অবশ্য তৃতীয় স্থানে রইলো ১১ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পাওয়া রিয়াল। লা লিগায় এখনও অপরাজিত বার্সেলোনা সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ রিয়ালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আছে। বৃহস্পতিবার রাতের খেলায় তারা হারলেও দ্বিতীয় স্থান হাতছাড়া হবে না তাদের।
বুধবার রাতে অপর খেলায় এগিয়ে থেকেও নিজেদের মাঠে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হেরেছে আলমেরিয়ার কাছে। ওসাসুনা ৩-১ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে। ভায়াদলিদ ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
