দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য জয়
প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি।
ইনিংসের দ্বিতীয় বলে হাশিম আমলার অনুপস্থিতিতে উদ্বোধন করার সুযোগ পাওয়া কলিন ইনগ্রামকে উইকেটরক্ষক উমর আকমলের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ ইরফান।
নতুন বলে ইরফানের সঙ্গী সোহেল তানভীর এবং দুই স্পিনার সাঈদ আজমল ও শহীদ আফ্রিদি এরপর ধ্বংসযজ্ঞে মেতে উঠলে ৬ উইকেটে ৮৬ রানে পরিণত হয় অতিথি দল।
মহাবিপদে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন ডেভিড মিলার ও ওয়েইন পার্নেল। সপ্তম উইকেট জুটিতে দুজনের অবদান ৩৯ রান।
মিলার ৩৭ রান করে বিদায় নিলেও পার্নেলের ব্যাট থেকে আসে ৫৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ৭০ বলের ইনিংসটিতে ৬টি চার ও একটি ছক্কা। ওয়ানডেতে এটাই পার্নেলের প্রথম অর্ধশতক।
মিলার-পার্নেল এবং ১০ নম্বরে ব্যাট করতে নামা লোনওয়াবো সোতসোবের (অপরাজিত ১৬) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৮৩ রান করে দক্ষিণ আফ্রিকা।
৩০ রানে ৪ উইকেট নেয়া আজমল পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ৩৭ রানে আফ্রিদির শিকার তিনটি।
জবাবে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৪ রানেই নাসির জামশেদকে হারিয়ে ফেলে তারা।
তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ (৫৮), অধিনায়ক মিসবাহ-উল হক (৩১) ও মোহাম্মদ হাফিজের (২৮) দৃঢ়তায় জয়ের পথে এগিয়ে যাচ্ছিল স্বাগতিক দল।
৩৬তম ওভারে মিসবাহ আউট হওয়ার সময় স্কোর ১৩৫/৪। পাকিস্তান তখন জয় থেকে ৪৯ রান দূরে।
পঞ্চম উইকেটে দুই ‘উমর’, উমর আমিন ও উমর আকমল ৩০ রানের জুটি গড়লে লক্ষ্যটা নেমে আসে ১৯ রানে।
কিন্তু তার পরই খেলায় অবিশ্বাস্য মোড়। ৪১তম ওভারের শেষ বলে আমিনকে (২০) কট বিহাইন্ড করে জুটিটা ভাঙ্গেন সোতসোবে।
ইমরান তাহিরের করা পরের ওভারের প্রথম বলে আকমলও (১৮) এলবিডব্লিউ। স্কোর তাই ১৬৫/৪ থেকে মুহূর্তের মধ্যে ১৬৫/৬ হয়ে যায়।
তবে আফ্রিদি ছিলেন বলে পাকিস্তানও আশায় বুক বেঁধেছিল। কিন্তু তাহিরকে অযথা তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে দলের বিপদ বাড়িয়ে দেন ওয়ানডের দ্রুততম শতকের মালিক। তাহির সেই ওভারে ওয়াহাব রিয়াজকেও বিদায় করলে স্কোর দাঁড়ায় ১৭৭/৯।
শেষ উইকেটটাও পেতে পারতেন তাহির। এই লেগস্পিনারের গুগলিতে বিভ্রান্ত ইরফানের প্যাডে বল লাগতেই সমস্বরে এলবিডব্লিউর আবেদন করেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা।
পাকিস্তানি আম্পায়ার শোজাব রাজা আবেদনে সাড়া না দিলে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ডিআরএস) আশ্রয় নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে বেঁচে যান ইরফান, পাকিস্তানও হাঁপ ছেড়ে বাঁচে।
কিন্তু শেষ রক্ষা হয়নি। জয় যখন মাত্র ২ রান দূরে ঠিক তখনই মর্নে মরকেলের বলে ইরফান বোল্ড, ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে পাকিস্তান ১৮২ রানে অলআউট।
তিনটি করে উইকেট নেন তাহির ও পার্নেল। তবে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য পার্নেলের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
১ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ১৮৩ (ইনগ্রাম ০, স্মিথ ২০, ডুমিনি ২০, দু প্লেসি ১২, ডি ভিলিয়ার্স ৪, মিলার ৩৭, ম্যাকলারেন ৮, পার্নেল ৫৬, মরকেল ৪, সোতসোবে ১৬*, তাহির ১; আজমল ৪/৩০, আফ্রিদি ৩/৩৭, তানভীর ২/৩৩, ইরফান ১/৩৫)
পাকিস্তান: ৪৬.৩ ওভারে ১৮২ (জামশেদ ০, শেহজাদ ৫৮, হাফিজ ২৮, মিসবাহ ৩১, আমিন ২০, উমর আকমল ১৮, আফ্রিদি ৯, তানভীর ২, রিয়াজ ০, আজমল ১*, ইরফান ২; পার্নেল ৩/৪১, তাহির ৩/৪৫, মর্কেল ২/২৩, সোতসোবে ২/২৮)
ম্যাচ সেরা: ওয়েইন পার্নেল।
