২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লাটারের ‘কৌতুকে’ খেপেছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো তাকে নিয়ে ফিফা প্রেসিডেন্ট জেপ ব্লাটারের ‘কৌতুকে’ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। পর্তুগিজ এই তারকার পাশে দাঁড়িয়েছেন তার দেশের ফুটবল ফেডারেশন ও ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে এক অনুষ্ঠানে ফিফা সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল বার্সেলোনার লিওনেল মেসি ও রোনালদোর মধ্যে কাকে তিনি সেরা মনে করেন।

৭৭ বছর বয়সী ব্লাটার জানান, দুই ফুটবলারই অসাধারণ, তবে মেসির চেয়ে রোনালদোকে মাঠে ‘কমান্ডারের’ মতো মনে হয়।

এরপর ব্ল্যাটার চেয়ার থেকে উঠে সামরিক কায়দায় হাঁটেন, যা রোনালদোর হাঁটার অনুকরণ বলেই মনে হচ্ছিল।

হাসতে হাসতে ব্লাটার বলেন, “একজনের (রোনালদো) আরেক জনের (মেসি) চেয়ে হেয়ার ড্রেসারের পেছনে বেশি খরচ হয়।”

দুই খেলোয়াড়ের মধ্যে তুলনা করে ব্লাটার বলেন, "আমি বলতে পারবো না কে সেরা। এ বছরও বেশ প্রতিযোগিতা হবে। আমি দুজনকেই পছন্দ করি, তবে আমি বেছে নেবো মেসিকে।

২০০৮ সালে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনালদো। এরপর টানা চারবার এ পুরস্কার জিতে নেন আর্জেন্টাইন তারকা মেসি। এ বছরের পুরস্কারের জন্য দুজনেই আছেন ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায়।

জবাবে ফেইসবুক পাতায় ব্লাটারের ওই মন্তব্যের ভিডিওটির লিংক দিয়ে রোনালদো ব্যঙ্গ করে বলেন, “এ ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমার প্রতি, আমার ক্লাব ও দেশের প্রতি ফিফার কতটুকু শ্রদ্ধা আছে।”

খোঁচা দিয়ে রোনালদো আরো বলেন, “এখন অনেক কিছুই বোঝা যাচ্ছে। আমি মি. ব্ল্যাটারের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। যাতে তিনি পছন্দমতো তার প্রিয় দল ও খেলোয়াড়ের সাফল্য দেখে যেতে পারেন।”

ফিফা প্রেসিডেন্টকে জবাব দিতে রোনালদো ব্যঙ্গাত্মক মন্তব্য বেছে নিলেও পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফার্নান্দো গোমেস ব্লাটারের মন্তব্যের সরাসরি সমালোচনা করেছেন।

“ব্ল্যাটারের মন্তব্য যথার্থ নয়। তার এই মন্তব্য শুনে আমার মনে হয়েছে, তিনি রোনালদো ও ফুটবলপ্রিয় পর্তুগালের প্রতি পরিষ্কার অসম্মান দেখিয়েছেন।”

“আমরা বুঝতে পারছি না, তিনি কীভাবে এমন একটা মন্তব্য করতে পারেন। এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে আমরা ফিফার কাছে একটা চিঠি পাঠিয়েছি”, যোগ করেন তিনি।

এর আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানান, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসও ব্লাটারের কাছে তার এ মন্তব্যের ব্যাখ্যা দাবি করে চিঠি লিখেছেন।