ব্রাজিল নয়, কস্তা বেছে নিলেন স্পেনকে
জন্মভূমি ব্রাজিলের ডাক ফিরিয়ে দিলেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড দিয়েগো কস্তা। আনুষ্ঠানিকভাবে স্পেনের পক্ষে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা।
স্পেনের ফুটবল ফেডারেশন মঙ্গলবার তাদের ওয়েবসাইটে জানায়, কস্তা ব্রাজিলের ফুটবল ফেডারেশনের মহাসচিব জুলিও সেসার আভেল্লাদাকে চিঠি লেখে স্পেনের জাতীয় দলে খেলার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন।
লা লিগার ১০ ম্যাচে ১১ গোল করা কস্তা স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের কাছে কয়েক সপ্তাহ আগে জাতীয় দলে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
এর মধ্যে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি গত সপ্তাহ ঘোষণা দেন, আগামী মাসে হন্ডুরাস ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার জন্য কস্তাকে ডাকতে পারেন তিনি।
কস্তা স্পেনকে বেছে নেয়ায় ভীষণ ক্ষেপে আমন্ত্রণ ফিরিয়ে নিয়েছেন স্কলারি।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে স্কলারি বলেন, “ব্রাজিলের জাতীয় দলের জার্সি পরতে এবং নিজের দেশের মাটিতে দলের হয়ে বিশ্বকাপ খেলতে যে অস্বীকার করে, তাকে জাননো আমন্ত্রণ আপনা আপনিই বাতিল হয়ে গেছে।”
“পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করা কোটি কোটি মানুষের কাছে স্বপ্ন, আর কিনা তা ফিরিয়ে দিয়েছে সে”, ভাবতেই পারছেন না স্কলারি।
কস্তা সিদ্ধান্ত নিয়ে ফেললেও ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের লড়াই এখনই শেষ হচ্ছে না।
ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি জোসে মারিয়া মারিন কস্তার সিদ্ধান্ত মানেননি। তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কস্তা যাতে স্পেনের পক্ষে খেলতে না পারে, এ জন্য সম্ভাব্য সব আইনি ব্যবস্থা নেয়া হবে।
“ব্রাজিল শেষ পর্যন্ত লড়ে যাবে। এটা এখনও শেষ হয়নি।”
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক প্রীতি ম্যাচে স্পেনের হয়ে খেলতে দেখা যেতে পারে কস্তাকে।
গত মার্চে রাশিয়া ও ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন কস্তা। তবে এর পরে জুনের কনফেডারেশন্স কাপের দলের তাকে রাখা হয়নি।
স্পেন দলে জায়গা করে নিতে দীর্ঘদেহী এই ফুটবলারকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আলভারো নেদ্রেদো, ফার্নান্দো তরেস, ডাভিদ ভিয়া, রবার্তো সলদাদো ও ফার্নান্দো লরেন্তের সঙ্গে।
