২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি, ম্যান ইউ

আর্সেনালের জয়রথ থামিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে চেলসি। তাদের সঙ্গী হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।

মঙ্গলবার রাতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে একতরফা এই ম্যাচে প্রথমার্ধে জোসে মরিনিয়োর দলকে এগিয়ে দেন সেসার আসপিলিকুয়েতা। আর্সেনালের কর্নার থেকে বল পেয়ে পাল্টা আক্রমণ থেকে গোল করেন তিনি। দলের হয়ে এটাই তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ২০ গজ দূর থেকে এক জোরালো এক শটে জয় নিশ্চিত করেন হুয়ান মাতা।

দুই কোচই অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে একাদশ সাজায়। গোল খেয়ে আর্সেন ভেঙ্গা বদলি হিসেবে দারুণ ফর্মে থাকা মেসুত ওজিল আর অলিভিয়ে জিরুদকে মাঠে নামালেও কাজ হয়নি।

মিডফিল্ডের নিয়ন্ত্রণ চেলসির কব্জায় রেখেছেন জন ওবি মিকেল ও মাইকেল এসিয়েন। আর আক্রমণ শানিয়েছেন উইলিয়ান ও স্যামুয়েল ইতো।

২০০৭ সালের মে মাসের পর এই প্রথম চেলসিতে ফেরা মরিনিয়োর মুখোমুখি হয়েছিলেন আর্সেন ভেঙ্গা। কিন্তু এ নিয়ে টানা নয় ম্যাচ মরিনিয়োকে হারাতে পারলেন না তিনি।

এই মাচ হেরে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শীর্ষস্থানে থাকা আর্সেনালের একটি ট্রফি জেতার সম্ভাবনা হারিয়ে গেল। আট বছর ধরে কোনো টুর্নামেন্ট জিততে পারেনি আর্সেন ভেঙ্গার দল।

ক্যাপিটাল ওয়ান কাপের অন্য ম্যাচে মেক্সিকোর হাভিয়ার হার্নান্দেসের জোড়া গোলে নরউইচকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে অপর দুটি গোল করেন ফিল জোনস ও ফাবিও দা সিলভা।