ফেদেরারের আরেকটি ব্যর্থতা
স্বদেশের বাসেল ওপেনে আবার ব্যর্থ রজার ফেদেরার। টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে হেরে গেছেন তিনি।
গতবার ফাইনালে হুয়ান মার্তিন দেল পোত্রোর কাছে হার মেনেছিলেন ফেদেরার। এবারো তার ‘ঘাতক’ এই আর্জেন্টাইন।
রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালের ফলাফল ৭-৬, ২-৬, ৬-৪।
এ বছরটা একদমই ভালো কাটছে না ফেদেরারের। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ীর ২০১৩ সালে মাত্র একটাই শিরোপা, জার্মানির গেরি উইবার ওপেনে।
ঘরের মাঠে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার পাশাপাশি দেল পোত্রোর কাছে গতবারের হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছিলেন ফেদেরার। কিন্তু ইতিহাসের সফলতম পুরুষ টেনিস খেলোয়াড় ব্যর্থ হলেন আবারো।
