২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার সাফল্যে ভরা বছর

দারুণ একটা বছর কাটছে সেরেনা উইলিয়ামসের। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের পর বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতে নিয়েছেন এই মার্কিন তারকা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2013, 02:10 AM

Updated : 25 Apr 2022, 07:27 PM

রোববার রাতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে সেরেনা ২-৬, ৬-৩, ৬-০ গেমে চীনের লি নাকে হারিয়েছেন।

এই প্রতিযোগিতায় এটা সেরেনার চতুর্থ এবং এ বছর একাদশ শিরোপা।

দুবার সার্ভিস ‘ব্রেক’ করে, প্রথম সেট জিতে নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন লি না। তবে পরের সেট জিতে সমতা নিয়ে আসেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা।

শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি।

ফাইনালের আগের দিন এ বছর ৮০টিরও বেশি ম্যাচ খেলার কারণে ক্লান্তি আর অবসাদে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন সেরেনা। কিন্তু শেষ সেটে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়ে আরেকটি শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন তিনি।

হেরে গেলেও লি নার জন্য সান্ত্বনা, র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠতে যাচ্ছেন তিনি। টেনিস র‌্যাঙ্কিংয়ে কোনো এশীয় নারীর এটাই সর্বোচ্চ আরোহণ।