তরেসের নৈপুণ্যে ম্যান সিটিকে হারালো চেলসি
ফার্নান্দো তরেসের শেষ মুহূর্তের লক্ষ্যভেদ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ জয় এনে দিয়েছে চেলসিকে। এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩৩ মিনিটে জার্মান ফরোয়ার্ড আন্দ্রে শুরলের গোলে এগিয়ে যায় চেলসি। তবে প্রথমার্ধে তরেস দুটো সুবর্ণ সুযোগ নষ্ট না করলে জোসে মরিনিয়োর দল অনেক নিশ্চিন্ত থাকতে পারতো।
সেই ভুলের ‘প্রায়শ্চিত্ত’ তরেস করেছেন নিজে গোল করে এবং শুরলেকে দিয়ে করিয়ে।
৪৯ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো।
১-১ সমতায় খেলা যখন শেষের পথে ঠিক তখনই তরেসের চমক। ইনজুরি সময়ে এই স্প্যানিশ স্ট্রাইকারের গোলে চেলসির মূল্যবান তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয়ে যায়।
ইপিএলে সব দলের ৯টি করে খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। চেলসি ও লিভারপুলের পয়েন্ট ২০, তবে গোল গড়ে এগিয়ে থাকায় চেলসির অবস্থান দ্বিতীয়। ১৬ ও ১৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড সপ্তম ও অষ্টম স্থানে আছে।
রোববারের রাতটা ভালো কেটেছে টটেনহ্যাম হটস্পারেরও। ঘরের মাঠে ১-০ গোলে হাল সিটিকে হারিয়েছে তারা। ৮০ মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামের জয়সূচক গোলদাতা স্প্যানিশ স্ট্রাইকার রবার্তো সলদাদো।
এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে টটেনহ্যাম।
রোববার ইপিএলের অন্য দুই ম্যাচে সান্ডারল্যান্ড ২-১ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে এবং সোয়ানসি সিটি-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
