জুভেন্টাসের জয়ে ফেরা
টানা দুই ম্যাচ হেরে যাওয়ার পর জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সেরি-আ’য় বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে জেনোয়াকে হারিয়েছে।
জিতেছে রোমা এবং নাপোলিও। রোমা ১-০ গোলে উদিনেসে এবং নাপোলি ২-০ গোলে তুরিনোর বিপক্ষে জয় পেয়েছে।
কিন্তু হেরে গেছে এসি মিলান। পার্মার মাঠে ৩-২ গোলে হার মেনেছে তারা।
গত ২০ অক্টোবর সেরি-আ’য় ফিওরেন্তিনার মাঠে দুই গোলে এগিয়েও ৪-২ গোলে হেরে যায় জুভেন্টাস। পরের ম্যাচটি ছিল চার দিন পর, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। রিয়ালের মাঠ থেকেও ২-১ গোলের হার নিয়ে ফিরতে হয় সেরি-আ’র রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নদের।
ঐ দুই হারের যন্ত্রণা নিয়ে রোববার ঘরের মাঠে খেলতে নামা জুভেন্টাসকে জয় এনে দেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। এর মধ্যে ভিদালের গোলটি ছিল পেনাল্টি থেকে।
আরেক স্বাগতিক নাপোলির দুটো গোলই করেন আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। দুটো গোলেরই জন্ম পেনাল্টি থেকে।
উদিনেসের মাঠে রোমার জয়সূচক গোলদাতা মার্কিন মিডফিল্ডার মাইকেল ব্র্যাডলি। ৮২ মিনিটে গোলের ১৬ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রোমাকে দশ জনের দলে পরিণত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন।
৯ ম্যাচের সবগুলোতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমা। নাপোলি ও জুভেন্টাসের ২২ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থাকায় নাপোলির অবস্থান দ্বিতীয়।
পরের দুটি স্থানেও একই অবস্থা। ইন্টার মিলান ও ফিওরেন্তিনার সংগ্রহ ১৮ পয়েন্ট করে হলেও শ্রেয়তর গোল গড় ইন্টারকে চতুর্থ স্থানে রেখেছে। ১১ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে দশম স্থানে।
